
গাইবান্ধা সদর উপজেলার দুটি সড়কের পাকাকরণ কাজে ব্যাপক অনিয়ম, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং প্রকল্পের সাইনবোর্ড না টাঙিয়ে তথ্য গোপনের অভিযোগ উঠেছে। এর মধ্যেই অনিয়মের অভিযোগ তদন্ত করতে গিয়ে এলজিইডির তদন্ত কর্মকর্তা উজ্জ্বলের একটি বিতর্কিত কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

যেখানে তিনি সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন, “ঠিকাদার আপনাদের টাকা দেবে।” একজন সরকারি কর্মচারীর মুখে অনিয়মকে প্রশ্রয় দিয়ে উল্টো সংবাদকর্মীদের টাকা দিয়ে ম্যানেজ করার এমন প্রকাশ্য চেষ্টার অডিও ফাঁসের পর স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। সচেতন মহলের মতে, তদন্ত কর্মকর্তার এমন বক্তব্যেই স্পষ্ট প্রমাণিত হয় যে ঠিকাদারি প্রতিষ্ঠান সেখানে কতটা প্রভাব খাটিয়ে অনিয়ম করে চলেছে।
সরেজমিনে সড়ক দুটি ঘুরে এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর খোলাবাড়ী থেকে ঝিনেশ্বর পর্যন্ত সড়কের ডাব্লিউবিএম (WBM) কাজে রাতের আধারে অত্যন্ত নিম্নমানের খোয়া ব্যবহার করে রোলার করা হচ্ছে। এছাড়া রাস্তার দুই পাশে নির্ধারিত প্রস্থ (চওড়া) অনুযায়ী কাজ না করে তড়িঘড়ি করে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। পুরো প্রকল্পের কোথাও কোনো তথ্যসংবলিত সাইনবোর্ড না থাকায় কাজের স্বচ্ছতা ও বরাদ্দ নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছে।

অপরদিকে, কুপতলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোজাহার মাস্টারের বাড়ি থেকে ৭ নম্বর ওয়ার্ডের ধর্মতলা পর্যন্ত সড়কের ডাব্লিউবিএম কাজেও চলছে একই ধরনের পুকুরচুরি। সেখানে সরাসরি ইটভাটার রাবিশ (বর্জ্য) ও অতি নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে বলে দৃশ্যমান অভিযোগ এলাকাবাসীর। স্থানীয়দের দাবি, এর আগেও এই একই সড়কের সাব-বেইজ নির্মাণে চরম নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছিল। এই প্রকল্পেও কোনো সাইনবোর্ড না থাকায় কাজের গুণগত মান নিয়ে জনমনে গভীর সন্দেহ তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, সড়ক দুটির এই হরিলুট ও অনিয়মের বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট ঠিকাদার ও ফিল্ডে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহিত করা হলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেননি। উল্টো কাজ চালিয়ে যাওয়ার পাঁয়তারা করা হয়েছে। ফলে কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া সড়ক দুটির স্থায়িত্ব ও টেকসই হওয়া নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
এমতাবস্থায়, ক্ষুব্ধ এলাকাবাসী অবিলম্বে সড়কে ব্যবহৃত ওইসব নিম্নমানের নির্মাণসামগ্রী (খোয়া) তুলে ফেলে সম্পূর্ণ নতুন ও মানসম্মত মালামাল দিয়ে পুনরায় কাজ করার দাবি জানিয়েছেন। একই সাথে ব্যবহৃত খোয়ার মান পরীক্ষার জন্য ল্যাব টেস্ট না হওয়া পর্যন্ত নির্মাণকাজ সম্পূর্ণ বন্ধ রাখার জোরালো দাবি উঠেছে।

এ বিষয়ে এলজিইডি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন। তিনি জানান, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আধা ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নির্মাণকাজে ব্যবহৃত উপকরণের মান যাচাই এবং অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
তবে মূল আলোচনা এখন এলজিইডির তদন্ত কর্মকর্তা উজ্জ্বলের ভাইরাল কল রেকর্ড নিয়ে। অনিয়ম ঢাকা দিতে এবং ঠিকাদারের পক্ষ নিয়ে সাংবাদিকদের ‘ম্যানেজ’ করার এই অপচেষ্টার পর এলাকাবাসী এখন আর স্থানীয় ল্যাব টেস্ট বা সাধারণ তদন্তের ওপর ভরসা রাখতে পারছেন না। তারা এই দুর্নীতির পেছনে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠান এবং তাকে মদদ দেওয়া এলজিইডির ওই বিতর্কিত কর্মকর্তার বিরুদ্ধে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ভুক্তভোগী সাধারণ মানুষের প্রত্যাশা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করলে সড়ক দুটির নির্মাণমান নিশ্চিত হবে এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার বজায় থাকবে।
নিজস্ব প্রতিবেদক 








