
গাইবান্ধার সাঘাটায় লেবার ভিসার নামে ট্যুরিস্ট ভিসায় কির্গিজস্তানে পাঠিয়ে যুবককে অনাহারে রেখে ৪ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের ঘটনার মূল হোতা সামিউল ইসলামের রাজনৈতিক পরিচয় মিলল।

আন্তর্জাতিক মানবপাচার ও প্রতারণার এমন গুরুতর অভিযোগ ওঠা এই ব্যক্তি আর কেউ নন, তিনি সদ্য ঘোষিত গণঅধিকার পরিষদ (জিওপি) গাইবান্ধা জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক।
প্রতারণার শিকার এক অসহায় মায়ের দায়ের করা মামলার লিখিত অভিযোগ এবং গণঅধিকার পরিষদের অফিসিয়াল প্যাডে অনুমোদিত জেলা কমিটির অনুলিপি পর্যালোচনায় এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত হওয়া গেছে।

অনুসন্ধানে জানা যায়, গত ২৪ মে ২০২৫ তারিখে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ নূরুল হক (নুর) ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান স্বাক্ষরিত গাইবান্ধা জেলা কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়। সেই কমিটিতেই সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী পদ বাগিয়ে নেন সাঘাটার উত্তর উল্যা গ্রামের ময়ান আলীর ছেলে সামিউল ইসলাম।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক দলের বড় পদ-পদবি ও প্রভাব খাটিয়ে সামিউল এলাকায় দীর্ঘদিন ধরে নিজেকে বড় মাপের ‘আদম ব্যবসায়ী’ হিসেবে জাহির করে আসছিলেন। এই ক্ষমতার দাপট দেখিয়েই তিনি বেলতৈল গ্রামের দিনমজুর শাহজাহান আলীর স্ত্রী রোজমোনা বেগমের সরলতার সুযোগ নেন। ছেলে মানিক মিয়ার সুদিন ফেরানোর আশায় জমি ও শেষ সম্বল বিক্রি করে ৪ লাখ ৭০ হাজার টাকা সামিউলের হাতে তুলে দিয়েছিলেন ওই অসহায় মা।

উল্লেখ্য, গত ৭ মাস আগে বৈধ লেবার ভিসার কথা বলে মানিক মিয়াকে মধ্য এশিয়ার দেশ কির্গিজস্তানে পাঠান এই সামিউল ও তার সহযোগী ময়ান আলী। কিন্তু সেখানে যাওয়ার পর জানা যায়, তাকে মাত্র ২ মাসের ভ্রমণ বা ট্যুরিস্ট ভিসায় পাঠানো হয়েছে। কোনো কর্মসংস্থান বা কাজের অনুমতি না থাকায় বর্তমানে কির্গিজস্তানে চরম খাদ্যসংকট ও মানবেতর জীবনযাপন করছেন মানিক মিয়া।
এদিকে দেশে বসে ছেলের এই করুণ দশা দেখে মা রোজমোনা বেগম গত ১ নভেম্বর ২০২৪ তারিখে স্থানীয় সাক্ষী মোনারুল ইসলাম, শাহজাহান আলী ও জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে সামিউলের বাড়িতে যান। সেখানে চুক্তি অনুযায়ী ছেলের বৈধ কাজের ব্যবস্থা করতে অথবা টাকা ফেরত দিতে বললে জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম তার রাজনৈতিক প্রভাবের গরম দেখান। তিনি ভুক্তভোগী পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, প্রাণনাশের হুমকি দেন এবং কির্গিজস্তানে থাকা ছেলের বড় ধরনের ক্ষতি করার ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন।
টাকা আত্মসাৎ ও প্রতারণার দায়ে অভিযুক্ত সামিউল ইসলাম গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হওয়ার তথ্যটি ফাঁস হওয়ার পর সাঘাটা ও পুরো গাইবান্ধা জেলা জুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। একজন রাজনৈতিক নেতার এমন জঘন্য জালিয়াতি এবং প্রবাসে বাংলাদেশি যুবকের জীবন বিপন্ন করার ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা।

নিরুপায় হয়ে ভুক্তভোগী মা ইতিমধ্যেই সাঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে গিয়ে এই আন্তর্জাতিক মানবপাচার ও প্রতারক চক্রের মূল হোতা সামিউল ইসলামকে দ্রুত গ্রেফতার, টাকা উদ্ধার এবং কির্গিজস্তানে আটকে থাকা যুবককে দেশে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
নিজস্ব প্রতিবেদক 















