
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন যুব অধিকার পরিষদের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম আরিফকে চলন্ত অটোরিকশা থেকে নামিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে গলা ও পেটে ছুরিকাঘাত করে নৃশংসভাবে হত্যাচেষ্টা চালিয়েছে একদল সশস্ত্র দুর্বৃত্ত।
গেল রাত আনুমানিক ৭টার দিকে ফুলছড়ি উপজেলার ‘ফলিয়ার পাথার’ নামক নির্জন এলাকায় এই বর্বরোচিত ও রোমহর্ষক হামলার ঘটনা ঘটে।

বর্তমানে তিনি ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর থেকে পুরো উপজেলা জুড়ে চরম উত্তেজনা ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় গাইবান্ধা জেলা শহর থেকে কাজ শেষে অটোরিকশাযোগে ফুলছড়িতে ফিরছিলেন যুবনেতা আরিফুল ইসলাম আরিফ। পথিমধ্যে ফলিয়ার পাথার নামক একটি নির্জন ও অন্ধকার স্থানে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার অটোরিকশার গতি রোধ করে। দুর্বৃত্তরা জোরপূর্বক আরিফকে অটোরিকশা থেকে নামিয়ে রাস্তার পাশে অন্ধকারে নিয়ে যায়। সেখানে তাকে মাটিতে চেপে ধরে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে গলা ও পেটের উপরিভাগে এলোপাতাড়ি আঘাত ও ক্ষতবিক্ষত করতে থাকে।
এক পর্যায়ে পাশ্ববর্তী এলাকার এক পথচারীর টর্চলাইটের আলো ঘটনাস্থলে পড়লে হামলাকারীরা ক্ষণিকের জন্য সতর্ক হয়ে আরিফকে ছেড়ে উঠে দাঁড়ায়। এই সুযোগে রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় আরিফ অলৌকিকভাবে দৌড়ে পালিয়ে নিজের প্রাণ রক্ষা করেন। পরে স্থানীয় লোক ও পথচারীরা তাকে সংজ্ঞাহীন ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ধারালো অস্ত্রের আঘাতে আরিফের পেটের উপরিভাগে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং অল্পের জন্য নাড়িভুঁড়ি কেটে যাওয়া থেকে রক্ষা পেয়েছেন। এছাড়া তার গলার একাধিক স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণের কারণে তার অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে জানতে চাইলে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পুলিশ খবর পাওয়া মাত্রই বিষয়টি খতিয়ে দেখছে। ভুক্তভোগী বর্তমানে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হলে এবং পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুততম সময়ে গ্রেপ্তারসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে প্রকাশ্য দিবালোকে বা সন্ধ্যায় একজন রাজনৈতিক নেতার ওপর এমন নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় গণঅধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ। তারা অবিলম্বে এই হামলার মূল হোতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলার সুনির্দিষ্ট কারণ বা জড়িত কাউকে এখনো সনাক্ত করা সম্ভব হয়নি।
নিজস্ব প্রতিবেদক 

















