
গাইবান্ধা সদর উপজেলার চরাঞ্চলবেষ্টিত কামারজানী ইউনিয়নে এক সময়ের জাসদ ও আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকা জাকির, যিনি স্থানীয়ভাবে ‘মশাল জাকির’ নামে পরিচিত, তার নাটকীয় রাজনৈতিক ভোলবদল নিয়ে তীব্র সমালোচনা ও গুঞ্জন শুরু হয়েছে।

বিগত সময়ে ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর ছায়াতলে থেকে সুবিধা নেওয়া এই নেতা কীভাবে রাতারাতি কট্টর ডানপন্থী দল জামায়াতে ইসলামীর তকমা গায়ে জড়ালেন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন বাগিয়ে নিলেন, তা নিয়ে খোদ কামারজানীর সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে নানামুখী প্রশ্ন উঠেছে।
স্থানীয় একাধিক রাজনৈতিক সূত্র নিশ্চিত করেছে, জাকির অতীতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর ‘মশাল’ প্রতীক ও আদর্শের কথা বলে নিজের রাজনৈতিক অবস্থান তৈরি করেছিলেন। পরবর্তীতে ক্ষমতার সমীকরণে তিনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনীতিতেও ডিগবাজি দেন এবং নিজের আখের গোছাতে ব্যস্ত থাকেন।

অথচ সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজের অতীত ঢাকতে এবং ইউনিয়ন পরিষদে নিজের একক আধিপত্য বজায় রাখতে তিনি অতি গোপনে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদের সাথে আঁতাত করেন।
কামারজানীর সাধারণ ভোটারদের অভিযোগ, দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী নেতা-কর্মীদের অবমূল্যায়ন করে জামায়াতের একটি সুবিধাভোগী অংশ এই ‘ভোল্টেজ’ নেতা জাকিরকে দলে টেনে নেয়।

শুধু তাই নয়, আসন্ন বা বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেদের সাংগঠনিক ফায়দা লুটতে এবং চরাঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখতে জামায়াতের নীতি নির্ধারকরা জাকিরকে সরাসরি দলীয় সমর্থন ও আশকারা প্রদান করে।

এলাকাবাসীর মতে, একজন রাজনীতিবিদের এমন নীতিহীন দলবদল কামারজানীর সাধারণ মানুষের সাথে চরম প্রতারণা। গতকাল জাসদের মশাল, আজ আওয়ামী লীগের সুবিধা, আর কাল জামায়াতের সমর্থন—জাকিরের এই ছদ্মবেশী ও সুবিধাবাদী রাজনীতি চরাঞ্চলের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে এবং স্থানীয় রাজনীতিকে কলুষিত করছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিকরা মনে করেন, ক্ষমতার স্বার্থে আদর্শ বিসর্জন দেওয়া জাকিরের মতো সুবিধাবাদীদের মুখোশ উন্মোচন করা জরুরি। একই সাথে, জামায়াতে ইসলামী কীভাবে একজন চিহ্নিত অন্য দল থেকে আসা বহিরাগতকে তাদের ইউনিয়ন পরিষদের চালিকাশক্তি হিসেবে সমর্থন দিল, তা নিয়েও দলটির তৃণমূল কর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 


















