
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নেওয়া একটি সংঘবদ্ধ ‘হানিট্র্যাপ’ চক্রের মূলহোতাসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চক্রের ডেরা থেকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় এক জিম্মি যুবককে উদ্ধার করেছে স্থানীয় জনতা ও পুলিশ।
গত বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার দরবস্ত ইউনিয়নের সিংজানি (কালিতলা) এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রমীম আক্তার রিপা (২৫) – উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সুন্দইল এলাকার আবু সাঈদ লিমনের স্ত্রী (চক্রের মূল টোপ), মোস্তফা (৪৫) – কামারদহ ইউনিয়নের বকশীচর এলাকার মৃত নইবরের ছেলে। শহিদুল ইসলাম (৩৮) – গুমানীগঞ্জ ইউনিয়নের বালুভরা এলাকার মৃত রমজান আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি উপজেলার বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে নারীদের টোপ হিসেবে ব্যবহার করে আসছিল। চক্রের নারী সদস্য রমীম আক্তার রিপা সুকৌশলে মুঠোফোনের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে ওই যুবককে কালিতলা এলাকার একটি ভাড়া বাসায় ডেকে আনে।
ভিকটিম যুবক সরল বিশ্বাসে সকাল ১১টার দিকে ওই বাসায় পৌঁছানো মাত্রই রিপা তাকে ঘরের ভেতর নিয়ে যায় এবং আপত্তিকর ভিডিও ধারণের চেষ্টা করে। যুবকটি এতে বাধা দিলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সহযোগী মোস্তফা ও শহিদুল জোরপূর্বক ঘরে ঢুকে পড়ে। এরপর তারা যুবকের হাত-পা বেঁধে বেধড়ক মারধর শুরু করে এবং মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা না দিলে ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
টাকা দিতে অস্বীকৃতি জানালে যুবকের ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়। একপর্যায়ে তার চিৎকার শুনে আশপাশের স্থানীয় লোকজন ছুটে আসে। পরিস্থিতি বেগতিক দেখে এলাকাবাসী ভিকটিমকে উদ্ধার করে এবং ব্ল্যাকমেইলার চক্রের তিন সদস্যকে ঘরের ভেতর অবরুদ্ধ করে থানায় খবর দেয়। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার হানিট্র্যাপ চক্রের সদস্য। তারা বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে কৌশলে মানুষকে জিম্মি করে নির্যাতন ও অর্থ আদায় করে আসছিল। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পরে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক 

















