
গাইবান্ধা সদর উপজেলার পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ রোস্তম আলী মন্ডলকে নৈতিক স্খলন ও অসদাচরণের গুরুতর অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত (Suspension) করা হয়েছে। গত ০৬ জুলাই (২০২৬) গাইবান্ধা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সবুজ কুমার বসাক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশ সূত্রে জানা গেছে, গত ৩০ জুন প্রধান শিক্ষক রোস্তম আলী মন্ডলের বিরুদ্ধে নৈতিক স্খলনজনিত ও অসদাচরণের অভিযোগ এনে স্থানীয় উত্তেজিত জনতা বিদ্যালয় প্রাঙ্গণে তাকে দীর্ঘসময় অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি বেগতিক দেখে পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
এই ন্যক্কারজনক ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। এতে বিদ্যালয়ের দীর্ঘদিনের সুনাম ও ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয় এবং অভিভাবক, শিক্ষার্থী ও সাধারণ জনমনে তীব্র বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
আরও জানা গেছে, উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে প্রধান শিক্ষক রোস্তম আলী মন্ডল কর্তৃপক্ষের কোনো প্রকার অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার এই দায়িত্বজ্ঞানহীন আচরণ ও পলাতক থাকা নিয়ে এলাকায় নানা গুঞ্জন তৈরি হয়েছে।
এমতাবস্থায়, প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগসমূহের সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত বিভাগীয় তদন্ত নিশ্চিত করতে এবং বিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম বজায় রাখার স্বার্থে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তিনি বিদ্যালয়ের কোনো প্রশাসনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না এবং প্রতিষ্ঠানের কোনো নথি, দাপ্তরিক সম্পদ বা প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করতে পারবেন না।

এদিকে, বিদ্যালয়ের প্রশাসনিক গতিশীলতা ধরে রাখতে সহকারী প্রধান শিক্ষক মুন্সী আব্দুল বারী-কে সাময়িকভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় সভাপতি সবুজ কুমার বসাক আদেশে উল্লেখ করেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফেরাতে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে। সাময়িক বরখাস্ত থাকাকালীন অভিযুক্ত শিক্ষক বিধি অনুযায়ী কেবল প্রাপ্য ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন এবং তাকে তদন্ত কমিটিকে সম্পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 













