
খুদে শিক্ষার্থীদের মেধার আলোয় আলোকিত এখন গাইবান্ধার সাঘাটা উপজেলা। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় ও গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে উপজেলার জুমারবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র ৪০ জন শিক্ষার্থী, আর সেখান থেকেই বাজিমাত করেছে ৩০ জন! অর্থাৎ, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৭৫ শতাংশই অর্জন করেছে মর্যাদাপূর্ণ এই বৃত্তি।
বিদ্যালয়টির এই অভাবনীয় সাফল্য শুধু জেলাতেই নয়, পুরো বিভাগেই হইচই ফেলে দিয়েছে।
এই অসামান্য ফলাফলের ওপর ভর করে জুমারবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এবার রংপুর বিভাগের শীর্ষ অবস্থানে জায়গা করে নিয়েছে।
হঠাৎ করেই এই সাফল্য আসেনি। এর পেছনে রয়েছে শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকদের এক ত্রিমুখী মহাকাব্য। স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকদের মতে, বিদ্যালয়টির অতীতের ফলাফল সবসময়ই সন্তোষজনক ছিল, তবে এবারের অর্জন পূর্বের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম সোহাগ উল্লাস প্রকাশ করে বলেন,এ অর্জন আমাদের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টার ফসল। শিক্ষকদের আন্তরিক পাঠদান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম আর অভিভাবকদের নিয়মিত সহযোগিতাই আমাদের আজ এই সাফল্যের চূড়ায় এনেছে। ভবিষ্যতেও এই ধারা বজায় রাখতে আমরা আরও আন্তরিকভাবে কাজ করে যাব।
ফলাফল প্রকাশের পর থেকেই বিদ্যালয় প্রাঙ্গণ ও স্থানীয় জুমারবাড়ী এলাকায় বইছে উৎসবের আমেজ। মিষ্টি বিতরণ, হাসিমুখ আর অভিনন্দনের জোয়ারে ভাসছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। স্থানীয়দের প্রত্যাশা, শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী প্রজন্ম গড়ে তোলার এই কারখানা আগামী দিনেও তাদের সাফল্যের এই জয়রথ ধরে রাখবে।
মেধাবী এই খুদে শিক্ষার্থী এবং আলোর দিশারী শিক্ষকদের জানাই আন্তরিক অভিনন্দন!
নিজস্ব প্রতিবেদক 

















