
খেলা দেখার আনন্দ নিমেষেই রূপ নিল বিষাদে। আর মাত্র দুদিন পরেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল উত্তরা প্রেস ক্লাবের নির্বাচন। গণতান্ত্রিক সেই উৎসবে অংশ নেওয়ার সব প্রস্তুতিও ছিল সম্পন্ন। কিন্তু এক নির্মম সড়ক দুর্ঘটনা কেড়ে নিল দুই উদীয়মান তরুণ সাংবাদিকের প্রাণ।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে রাজধানীর উত্তরা জসীমউদ্দীন এলাকায় এক বাস চাপায় নিহত হয়েছেন দৈনিক প্রাণের বাংলাদেশ-এর স্টাফ রিপোর্টার রবিউল আলম রাজু এবং দৈনিক সংবাদ দিগন্ত-এর রিপোর্টার সাকিবুল হাসান।
নিহতদের সহকর্মীরা জানান, আগামী শনিবার (১৮ জুলাই) উত্তরা প্রেস ক্লাবের নির্বাচনে সাকিবুল হাসান সাংগঠনিক সম্পাদক এবং রবিউল আলম রাজু সমাজকল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাতে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের মধ্যকার ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ উপভোগ করেন তারা। খেলা শেষে মোটরসাইকেল যোগে উত্তরা থেকে বাসায় ফিরছিলেন দুই বন্ধু।

রাত ৩টা ৪০ মিনিটের দিকে জসীমউদ্দীন এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া বাস তাদের মোটরসাইকেলটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। রক্তাত্ব অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ১০ মিনিটের মধ্যেই দুজনকে মৃত ঘোষণা করেন।
সে সময় কুর্মিটোলা হাসপাতালে অবস্থানরত দৈনিক কালের কণ্ঠের বরগুনার বামনা উপজেলা প্রতিনিধি মনোতোষ হালদার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে লেখেন ”রাত ৩টা ৪০-এর দিকে আমার এক আত্মীয়কে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসেছিলাম। চোখের সামনে দুজনকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো। মিনিট ১০-এর মধ্যেই শুনলাম তারা মারা গেছেন। পরে পকেটের আইডি কার্ড দেখে জানা যায় তারা আমাদেরই সাংবাদিক সহকর্মী। শরীরে আঘাতের চিহ্নগুলো এতটাই মর্মান্তিক যে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না।
এই মর্মান্তিক দুর্ঘটনার পেছনে নিছক সড়ক দুর্ঘটনাই নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, তা নিয়ে তীব্র ক্ষোভ ও ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শী দুই যুবক জানান, ঘটনাস্থলের খুব কাছেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য দাঁড়িয়ে ছিলেন। দুর্ঘটনার পর পরই সাহায্যের জন্য চিৎকার করে ডাকলেও তারা এগিয়ে আসেননি।
এই রহস্যজনক নীরবতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “ঘটনাস্থলের ঠিক অদূরে সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকা সত্ত্বেও কেন এমন একটি ভয়াবহ দুর্ঘটনা দেখে তারা এগিয়ে এলেন না, তা অত্যন্ত সন্দেহজনক। এটি কেবল দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো পূর্বপরিকল্পিত উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানাচ্ছি।
নির্বাচনের ঠিক দুদিন আগে দুই প্রার্থীর এমন আকস্মিক ও রহস্যময় মৃত্যুতে সংবাদকর্মী মহলে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর দীর্ঘ সময় পর্যন্ত হাসপাতাল মর্গে নিথর দেহ দুটি পড়ে ছিল। শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীরা এখন এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন
নিজস্ব প্রতিবেদক 


















