
গাইবান্ধার সাদুল্লাপুরে ভুয়া সিআইডি সেজে এক ডলার প্রতারক চক্রের বাড়ি থেকে ডলার ছিনতাইয়ের চেষ্টাকালে তিন ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ভুয়া সিআইডির নিয়োগপত্র, ওয়াকিটকি ও পুলিশের লোগোযুক্ত মাস্কসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—বরগুনা জেলার তালতলী থানার নিদ্রারচর গ্রামের নাঈম , একই এলাকার মালিপাড়া গ্রামের রাকিবুল ইসলাম এবং গোপালগঞ্জের মুকসুদপুর থানার শানুনিয়া গ্রামের শেখ শাদিউল ইসলাম এরা সবাই ঢাকার খিলগাঁও এলাকায় বসবাস করতেন।
আজ ভোর ৫ টার কিছু পরেই সাদুল্লাপুর থানাধীন ৫নং ফরিদপুর ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত অফিস থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় আজ সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে ঢাকার খিলগাঁওয়ে আসামিদের ভবনে দারোয়ান হিসেবে চাকরি নেন গাইবান্ধার ইয়াসিন নামের এক ব্যক্তি। ইয়াসিনের সাথে আসামিদের সখ্যতা গড়ে উঠলে সে তাদের কম দামে বিদেশি ডলার কেনার প্রলোভন দেখায়। পরে ইয়াসিনের মাধ্যমে আসামী রাকিব ও নাঈম গাইবান্ধার সাদুল্লাপুরের দড়িতাজপুর গ্রামের কুখ্যাত ডলার ব্যবসায়ী কাদের ওরফে সুকটুর বাড়িতে যান। সেখানে বিছানার ওপর প্রচুর ডলার ছিটিয়ে রেখে তাদের দেখানো হয় এবং পরীক্ষার জন্য ১৬ ডলার দেওয়া হয়। আসামীরা ঢাকায় ফিরে সেই ডলার মানি এক্সচেঞ্জে ভাঙিয়ে আসল ডলার বলে নিশ্চিত হন।
আসল ডলারের লোভ দেখিয়ে প্রতারক সুকটু ও ইয়াসিন আসামিদের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে। অন্যদিকে, আসামীরাও সুকটু ও ইয়াসিনকে ঠকাতে এক অভিনব ফন্দি আঁটে। তারা নিজেরা সিআইডি পুলিশ সেজে ডলার ছিনতাই করার সিদ্ধান্ত নেয়। এজন্য তারা ঢাকা থেকে ওয়াকিটকি, ভুয়া পুলিশি আদেশপত্র ও পুলিশের মাস্ক সংগ্রহ করে।
গত ১৬ জুলাই রাত ১টার দিকে আসামীরা ডলার কেনার কথা বলে সুকটুর শয়নকক্ষে প্রবেশ করে। সুকটু ও তার সহযোগীরা আসামিদের হাতে ডলার ভর্তি ব্যাগ তুলে দেওয়া মাত্রই আসামীরা পকেট থেকে ওয়াকিটকি বের করে নিজেদের সিআইডি পুলিশ পরিচয় দিয়ে ব্যাগটি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এতে সন্দেহ হলে ডলার প্রতারক চক্রের সদস্যরা তাদের ধাওয়া করে ডলারের ব্যাগ কেড়ে নেয় এবং ভুয়া সিআইডি সদস্যদের আটকে রাখে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের ৫নং ফরিদপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুনের ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে গাইবান্ধার পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি-র নেতৃত্বে একটি আভিযানিক দল তাৎক্ষনিক ইউপি চেয়ারম্যানের অফিসে উপস্থিত হয়ে ৩ ভুয়া পুলিশকে গ্রেফতার করে।
এ সময় আসামিদের ব্যবহৃত ব্যাগ থেকে সিলেট জেলা পুলিশের ভুয়া অফিস আদেশপত্র (যাতে পুলিশ সুপার আবু ইউসুফের স্বাক্ষর জাল করা ছিল)।
২টি কালো রঙের ‘BAOFENG’ ওয়াকিটকি সেট, ১টি ‘বাংলাদেশ পুলিশ’ লেখা ও লোগো সংবলিত মাস্ক,৭টি আকাশী রঙের হ্যান্ড গ্লাভস,সার্জিক্যাল ব্লেড ও ৩৫টি সোয়াব কটনসহ প্লাস্টিকের বক্স এবং ১টি হংক প্যাড এবং ১টি মার্কার পেন উদ্ধার করা হয়।
এঘটনায় সাদুল্লাপুর থানা পুলিশ জানায়, সিআইডি পুলিশের পোশাক ও প্রতীক ধারণ করে প্রতারণা ও অর্থ আদায়ের চেষ্টার অপরাধে আসামিদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে মামলা নং-১৬। একই সাথে এই চক্রের সাথে জড়িত স্থানীয় ডলার প্রতারক কাদের ওরফে সুকটু ও সহযোগী ইয়াসিনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 


















