
দিনাজপুরের হিলিতে মধ্যরাতে যৌথবাহিনীর সাঁড়াশি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেনসিডিলসহ হিলি পৌর ছাত্রদলের আহ্বায়ক এবং তার বাবাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার দিবাগত রাত সোয়া ১টা থেকে আড়াইটা পর্যন্ত হিলির মুহাড়াপাড়া ও ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে যৌথবাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে ৭১১ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২ বোতল ফেনসিডিল, ৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—হিলির মুহাড়াপাড়া গ্রামের পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহে আলম প্রধান, তার দুই ছেলে পৌর ছাত্রদলের আহ্বায়ক রিমন প্রধান ও পৌর ছাত্রদলের সদস্য শাহরিয়ার প্রধান রিফাত । গ্রেপ্তার অপর ব্যক্তি ধরন্দা গ্রামের মৃত রেজাউল মণ্ডলের ছেলে ও পৌর যুবদলের সদস্য বেলাল হোসেন ।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় মাদক কারবারিরা বড় ধরনের মজুত গড়ে তুলেছে—এমন গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিজিবি, পুলিশ, এসআরবি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী এই বিশেষ অভিযান পরিচালনা করে। গভীর রাতে মুহাড়াপাড়া গ্রামে প্রথম অভিযান চালিয়ে মূল হোতাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফকিরপাড়ায় দ্বিতীয় দফা অভিযান চালিয়ে বাকিদের মাদকসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৭৮ হাজার ২০০ টাকা।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশাহ আলম জানান, যৌথবাহিনীর অভিযানে আটক চারজনের বিরুদ্ধেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। সীমান্ত ও আশপাশের এলাকায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক 
















