
প্রতিবেশী হওয়ার সুযোগ নিয়ে এবং মাত্র ২০ টাকার লোভ দেখিয়ে ১০ বছরের এক শিশুকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে গাইবান্ধার সাঘাটায়। উপজেলার চিথুলিয়া গ্রামের এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী শিশুর বাবার দায়ের করা এজাহার তদন্ত শেষে গতকাল নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাঘাটা থানা পুলিশ মামলা রুজু করেছে। মামলার একমাত্র আসামি প্রতিবেশী যুবক লাবু মিয়া (২৩) বর্তমানে পলাতক।
ঘটনার বিবরণ তুলে ধরে শিশুটির বাবা জানান, বেশ কিছুদিন ধরেই তাঁর শিশুসন্তানকে নানা ধরনের খাবার ও টাকার প্রলোভন দিয়ে আসছিল লাবু। গত ১২ অক্টোবর শিশুটিকে একা পেয়ে ২০ টাকার নোট হাতে দেয় এবং আরও টাকা দেওয়ার কথা বলে জাহিদুল নামের এক ব্যক্তির পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি বাড়ি ফিরে পুরো ঘটনা জানালে তিনি আইনের আশ্রয় নেন।
তদন্তকারী কর্মকর্তা এসআই উজ্জল হোসেন জানান, প্রাথমিক সত্যতা পাওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ৪(খ) ধারায় সাঘাটা থানায় গতকাল ১৩ নম্বর মামলা হিসেবে এটি নথিভুক্ত করা হয়েছে। পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
নিজস্ব প্রতিবেদক 















