ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ৬৮টি বৈধ বেসরকারি আগ্নেয় অস্ত্র ও ৪২০ রাউন্ড কার্তুজ থানায় জমা নেওয়া হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল পর্যন্ত গত ১১ দিনে এসব আগ্নেয় অস্ত্র জমা নেওয়া হয়। বেসরকারি অস্ত্র ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম অস্ত্র ও কার্তুজগুলো গ্রহণ করেন।
এসআই নজরুল ইসলাম জানান, গোবিন্দগঞ্জ উপজেলায় মোট ১০০টি বৈধ বেসরকারি আগ্নেয় অস্ত্র রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৬৮টি আগ্নেয় অস্ত্র ও ৪২০ রাউন্ড কার্তুজ পুলিশের হেফাজতে জমা হয়েছে।
জমাকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে—
একনালা বন্দুক ৫৩টি,দোনালা বন্দুক ৫টি,পিস্তল ৪টি,
রিভলভার ১টি,রাইফেল ১টি এবং শটগান ৪টি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গত ১৮ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে ৩১ জানুয়ারির মধ্যে সকল বৈধ বেসরকারি আগ্নেয় অস্ত্র নিকটস্থ থানায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সে অনুযায়ী ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১১ দিনে এসব অস্ত্র জমা নেওয়া হয়।
এছাড়াও, উপজেলার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে বর্তমানে ২০টি আগ্নেয় অস্ত্র ব্যবহৃত হচ্ছে।
সূত্র জানায়, অস্ত্র জমা দেওয়ার শেষ দিন শনিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানের ২০টি অস্ত্রসহ মোট ৮৮টি আগ্নেয় অস্ত্রের তথ্য পাওয়া গেছে। তবে এখনও অবশিষ্ট ১২টি বৈধ আগ্নেয় অস্ত্র থানায় জমা হয়নি। যদিও অন্যান্য থানায় জমা দেওয়ার সুযোগ রয়েছে এবং রাত ১২টা পর্যন্ত অস্ত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন,“নির্ধারিত সময়ের মধ্যেই অবশিষ্ট আগ্নেয় অস্ত্রগুলো জমা পড়বে বলে আমরা আশাবাদী।”
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.