নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে স্কুল শিক্ষার্থীদের দিয়ে ‘ধানের শীষ’-এর পক্ষে স্লোগান দেওয়ানোর ঘটনায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
অভিযোগে বলা হয়েছে, গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পাকুন্দিয়া উপজেলার ছোট আজলদী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের দিয়ে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের বিএনপি প্রার্থী জালাল উদ্দীনের পক্ষে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়া হয়। স্লোগানগুলোর মধ্যে ছিল— “জালাল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম”, “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক”, “আমরা যদি ভোটার হতাম, ধানের শীষে ভোট দিতাম” এবং “ভোট দেবো কিসে—ধানের শীষে”।
এ ঘটনায় পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রূপন দাস সংশ্লিষ্ট কমিটির কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করা হয়, এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫ এর ১৫(খ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
নোটিশে বলা হয়েছে, কেন এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না এবং কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না— সে বিষয়ে আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৬, রোববার দুপুর ১২টায় বাজিতপুর চৌকি আদালতে নিকলী সিভিল জজের কার্যালয়ে স্বশরীরে বা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ-২ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ খাদিজা আক্তার কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.