
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষে রংপুর বিভাগজুড়ে কঠোর নিরাপত্তা পরিকল্পনার ঘোষণা দিয়েছে র্যাব-১৩। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক বিশেষ মিডিয়া ব্রিফিংয়ে র্যাব-১৩’র পক্ষ থেকে এসব তথ্য তুলে ধরা হয়। ব্রিফিং উপস্থাপন করেন সিনিয়র এএসপি, র্যাব-১৩ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম।
ব্রিফিংয়ে জানানো হয়, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় রংপুর বিভাগের আওতাধীন এলাকায় সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা করে আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। রংপুর বিভাগের ৩৩ টি সংসদীয় আসনের মধ্যে র্যাব-১৩’র দায়িত্বাধীন ৩২টি আসনে মোট ৪৬২০টি ভোটকেন্দ্র রয়েছে।
এসব কেন্দ্রে নিরাপত্তা জোরদারে র্যাব-১৩’র আওতাধীন বিভিন্ন জেলায় ৬৪টি টহল দল, দুটি স্ট্রাইকিং রিজার্ভ টিম, একটি বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকে বিশেষ সদস্য মোতায়েন থাকবে। কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে থেকে টহল ও স্ট্রাইকিং টিমের কার্যক্রম তদারকি করবেন।
র্যাব-১৩ জানায়, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মোবাইল ও স্ট্রাইকিং টিম প্রস্তুত থাকবে। পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করা হবে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে নজরদারিতে রাখা হবে। এছাড়া প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
বিশেষ কন্ট্রোল রুম থেকে প্রতিটি টহল ও স্ট্রাইকিং টিমের ‘লাইভ লোকেশন’ পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। একই সঙ্গে র্যাব-১৩’র মিডিয়া সেল সার্বক্ষণিক মিডিয়া মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে গুজব ও অপতথ্য প্রতিরোধেও সক্রিয় ভূমিকা রাখবে তারা।
র্যাব-১৩ জানায়, আধুনিক প্রযুক্তি ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্বাচনী পরিবেশ নির্বিঘ্ন রাখতে কাজ করা হবে। “সুরক্ষা” অ্যাপের মাধ্যমে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে যেকোনো বিশৃঙ্খলা প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
ব্রিফিংয়ে আরও বলা হয়, জনগণ যেন নির্বিঘ্ন ও অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে র্যাব-১৩’র প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ। কোনো দুষ্কৃতকারী যাতে ভোটের পরিবেশ নষ্ট করতে না পারে, সে লক্ষ্যে রংপুর অঞ্চলে র্যাব-১৩ বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.