গাইবান্ধায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে আদালতের রায়ের তিন দিনের মাথায় প্রতিপক্ষের হামলায় অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গেল শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন বল্লমঝাড় মধ্যপাড়ার বাসিন্দা মোঃ আরমান খুশি। অভিযোগে তিনি উল্লেখ করেন, জমি সংক্রান্ত একটি মামলায় ১৮ ফেব্রুয়ারি আদালত তাদের পক্ষে রায় প্রদান করলে প্রতিপক্ষরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং বিভিন্নভাবে হুমকি-ধামকি দিতে থাকে।
এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন অভিযুক্তরা লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে বাদীর বাড়ির পাশে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এসে গালিগালাজ শুরু করে। এ সময় বাধা দিতে গেলে বাদীর পিতা নছিবর রহমান, ভগ্নিপতি উজ্জ্বল মিয়া ও মাসুদ মিয়া, চাচা নুর মোহাম্মদসহ পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয়।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে নছিবর রহমানকে গুরুতর রক্তাক্ত জখম করে এবং তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। ভগ্নিপতি উজ্জ্বল মিয়া ও মাসুদ মিয়ার মাথায় কুপিয়ে জখম করা হয়। এছাড়া লোহার রড দিয়ে আঘাত করে একজনের হাত ভেঙে দেওয়ার অভিযোগও উঠেছে। চাচা নুর মোহাম্মদের হাতেও গুরুতর আঘাত লাগে।
ঘটনার শোরগোল শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদেরকে দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
বাদী তার এজাহারে উল্লেখ করেছেন, হামলাকারীরা সংঘবদ্ধ, দাঙ্গাবাজ ও ভূমিদস্যু প্রকৃতির এবং পূর্ব থেকেই জমি নিয়ে বিরোধ চলছিল। আদালতের রায়ের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি তার।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.