
গাইবান্ধার তুলসীঘাট বিসিআইসি বাফার সার গোডাউনে ৫ই আগস্টের পর পলাতক ও একাধিক মামলার আসামি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলিগ ঘরানার নেতা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনকে পুনর্বাসনের চেষ্টার অভিযোগ উঠেছে। বাফার ইনচার্জ এবং বগুড়া ট্রেড ইউনিয়ন অফিসের কতিপয় কর্মকর্তার যোগসাজশে এই তোড়জোড় চলছে বলে জানা গেছে। এর প্রতিবাদে এবং সাধারণ শ্রমিকদের নতুন কমিটি অনুমোদনের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে জাতীয়তাবাদী শ্রমিক দলের স্থানীয় নেতৃবৃন্দ।

স্মারকলিপি সূত্রে জানা যায়, তুলসীঘাট বাফার গোডাউনের দুটি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং রাজ ২৪৫৬ এবং বগুড়া-০৭৭) অনেক আগেই মেয়াদোত্তীর্ণ হয়েছে। এই দুই ইউনিয়নের নেতৃত্বে ছিলেন দুই ভাই— কামাল হোসেন এবং প্রয়াত ফারুক মিয়া।
কামাল হোসেন বর্তমানে একাধিক রাজনৈতিক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি হওয়া সত্ত্বেও তার সন্ত্রাসী বাহিনী সাধারণ শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে নিয়মিত 'চাঁদা' আদায় করছে বলে অভিযোগ উঠেছে।

শ্রমিক নেতাদের দাবি, বগুড়া রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নের শ্রম কর্মকর্তা শফিকুর রহমান পলাতক কামাল হোসেনের সাথে 'রফাদফা' করে ভিন্ন নামে তাকে পুনরায় প্রতিষ্ঠিত করার পায়তারা করছেন। এছাড়া বাফার গোডাউন ইনচার্জ হারুন অর রশিদ ওই ফ্যাসিস্ট নেতার নামেই লোডিং টেন্ডার বরাদ্দ দিয়ে তাকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে পুনর্বাসিত করছেন।
সাধারণ শ্রমিকরা ফ্যাসিস্টদের বাদ দিয়ে নতুন কমিটি গঠন করে অনুমোদনের জন্য বগুড়া অফিসে জমা দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা অনুমোদন না করে সময়ক্ষেপণ করছে। শ্রমিক দল নেতা মোঃ বুলু খন্দকার বাচ্চু এবং কাজী মোঃ মাহমুদুল হাসান (ইমন) জানান:
"১৯৯৫ সালেও আওয়ামী সিন্ডিকেটের কারণে সারের দাবিতে গাইবান্ধায় ৬ জন কৃষক প্রাণ হারিয়েছিলেন। এখন আবার সেই একই চক্রকে পুনর্বাসন করে সার সংকট তৈরি ও বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার গভীর ষড়যন্ত্র চলছে।"

নিষিদ্ধ ঘোষিত শক্তির এমন অবৈধ দাপটে তুলসীঘাট এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শ্রমিকরা হুঁশিয়ারি দিয়েছেন যে, দ্রুত ফ্যাসিস্টদের কার্যক্রম বন্ধ না হলে এবং শ্রমিকদের বৈধ কমিটি অনুমোদন না দিলে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। এমন পরিস্থিতি সৃষ্টি হলে তার সম্পূর্ণ দায়ভার প্রশাসনকে বহন করতে হবে।

তাই অবিলম্বে বিতর্কিত কর্মকর্তাদের অন্যত্র বদলি এবং বাফার গোডাউনকে সিন্ডিকেট মুক্ত করার জোর দাবি জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.