
গাইবান্ধার সাঘাটা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাসান কবির ও বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সৃজন আহমেদ শিপন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাঘাটার তেলিয়ান গ্রামের বিসিআইসি ডিলার শরিফুল ইসলাম মোল্লার মালিকানাধীন ‘মোল্লা এগ্রো ফার্ম’-এ মাছের প্রি-মিক্স খাদ্য উৎপাদন করা হয়। মঙ্গলবার (৩ মার্চ) রাতে অভিযুক্ত নেতারা কারখানায় এসে বিভিন্ন কাগজপত্র দেখতে চান। মালিকপক্ষ কীসের কাগজ দেখতে চান জানতে চাইলে তারা জানান, এই কারখানায় কী হয় তা তারা জানেন এবং কাগজপত্র না দেখালে তাকে থানায় নিয়ে যাওয়ার হুমকি দেন। একপর্যায়ে তারা ম্যানেজারের হাত ধরে টানাহেঁচড়া করেন এবং মালিককে ফোন দিতে চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মোল্লা এগ্রো ফার্মের মালিক শরিফুল ইসলাম মোল্লা জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিরা কারখানায় এসে ম্যানেজারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ভয়ভীতি প্রদর্শন ও হামলা চালায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে গেলেও পরবর্তীতে মালিক সাঘাটা থানায় একটি লিখিত এজাহার জমা দেন।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুই লাখ টাকা চাঁদা দাবির লিখিত অভিযোগ পেয়ে বোনারপাড়া এলাকা থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের ইতিমধ্যেই জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.