
গাইবান্ধা জেলায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন প্রাণঘাতী রোগ প্রতিরোধে ব্যাপক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। শনিবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সশরীরে পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “ডেঙ্গুসহ মশাবাহিত রোগ থেকে বাঁচতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। শুধু সরকারি অভিযান নয়, বরং প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ির আঙিনা বা আশপাশে কোথাও যেন পানি জমে এডিস মশার বংশবিস্তার না ঘটে, সেদিকে বিশেষ নজর দিতে হবে।”

আলোচনা সভা শেষে শহরের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এসময় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সরাসরি ড্রেন পরিষ্কার ও রাস্তার পাশের ময়লা-আবর্জনা অপসারণ কাজে অংশ নেন।
পাশাপাশি জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও প্রচারণা চালানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সরকারি দপ্তরের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.