
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ যখন ঘরে ঘরে, তখন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ফকিহাট বাজার সংলগ্ন বুড়ির ভিটা এলাকায় জেঁকে বসেছে জুয়া ও অশ্লীল যাত্রার আসর। ঈদ উৎসবকে কেন্দ্র করে গড়ে ওঠা এই অবৈধ কর্মকাণ্ডে গত কয়েক দিনে নিঃস্ব হয়ে পড়েছেন নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত অনেক মানুষ। ফলে বহু পরিবারে ঈদের আনন্দ এখন কান্নায় রূপ নিয়েছে।
সরেজমিনে জানা যায়, ফকিহাট বাজার থেকে দক্ষিণ দিকে বুড়ির ভিটা নামক স্থানে প্রকাশ্যেই চলছে বড় অংকের জুয়া এবং গভীর রাত পর্যন্ত চলে অশ্লীল নাচ-গানের আসর। স্থানীয়দের অভিযোগ, এই আসরকে কেন্দ্র করে এলাকাটিতে অপরাধীদের আনাগোনা বেড়েছে। বিশেষ করে ঢাকা থেকে ঈদ করতে আসা গার্মেন্টসকর্মী এবং স্থানীয় কৃষি শ্রমিকেরাই মূলত এর শিকার হচ্ছেন।
জুয়া খেলতে গিয়ে সর্বস্বান্ত হওয়া এক ভ্যানচালকের সঙ্গে কথা বলে জানা যায়, সারাদিন হাড়ভাঙা খাটুনি দিয়ে ৬০০ টাকা আয় করেছিলেন তিনি। কিন্তু ফেরার পথে জুয়ার নেশায় পড়ে সেই টাকা হারিয়ে এখন চাল কেনার টাকাটুকুও তার হাতে নেই।
অন্যদিকে, আবাদের জন্য সার ও তেল কেনার জমানো টাকা জুয়ায় হারিয়ে এক কৃষক তার স্ত্রীর গয়না বিক্রি করতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে ওই কৃষকের স্ত্রী অভিমানে ঘর ছেড়ে বাবার বাড়ি চলে গেছেন। স্থানীয়দের আশঙ্কা, এভাবে যদি আরও কয়েক দিন এই আসর চলে, তবে এলাকায় চুরি-ছিনতাই বৃদ্ধিসহ অনেক মানুষ আত্মহত্যার মতো পথ বেছে নিতে পারে।
জুয়াড়িরা এলাকায় দম্ভোক্তি করে বেড়াচ্ছে যে, তারা স্থানীয় প্রশাসনকে 'ম্যানেজ' করেই এসব চালাচ্ছে। আধুনিক প্রযুক্তির এই যুগে ড্রোন ক্যামেরা বা গুগল লোকেশনের মাধ্যমে খুব সহজেই অপরাধীদের শনাক্ত করা সম্ভব হলেও রহস্যজনক কারণে প্রশাসনের নিরবতা এলাকাবাসীকে হতাশ করেছে।
প্রযুক্তির এত সুবিধা থাকা সত্ত্বেও কেন এই সামাজিক ব্যাধি বন্ধ করা যাচ্ছে না?
এলাকার সচেতন মহল ও ভুক্তভোগী পরিবারগুলো গাইবান্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, অবিলম্বে এই জুয়ার আসর ও অশ্লীল যাত্রা বন্ধ করে এলাকায় একটি নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা হোক।
স্থানীয় এক সমাজকর্মী বলেন, "একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কোনো বিকল্প নেই। আমরা চাই দ্রুত আইনি পদক্ষেপের মাধ্যমে এই অপরাধী চক্রকে গ্রেফতার করা হোক।"
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.