প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ১০:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২৬, ১১:০৮ এ.এম
গোবিন্দগঞ্জে প্রশাসনের সাঁড়াশি অভিযান: অবৈধ তেল মজুতদারদের জরিমানা!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার কামদিয়া বাজার এলাকায় পরিচালিত এক ঝটিকা অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার প্রত্যক্ষ নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।
আদালত সূত্র জানায়, বাজার স্থিতিশীল রাখা এবং অসাধু উপায়ে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণের অপচেষ্টা রুখতে এই অভিযান চালানো হয়। অভিযানে মুদি দোকানি আলম মিয়ার গুদাম থেকে অবৈধভাবে মজুতকৃত ১৫০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। বিধি বহির্ভূতভাবে এই জ্বালানি মজুত রাখায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একই অভিযানে কামদিয়া বাজারের ‘মেসার্স আশা এন্টারপ্রাইজ’ নামক একটি মিনি ফিলিং স্টেশনে তল্লাশি চালায় ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটির মালিক বাদশা মিয়া মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহার করে এবং অসাধু পন্থায় জ্বালানি তেল বিক্রির অপরাধে দোষী সাব্যস্ত হন। ফলশ্রুতিতে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান জানান, "লাইসেন্স ব্যতীত এবং নির্ধারিত পরিমাণের বাইরে পেট্রোলিয়াম পণ্য মজুত রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ৪(খ) ধারা লঙ্ঘনের দায়ে ধারা ২০(১)(ক) অনুযায়ী সংশ্লিষ্টদের এই দণ্ডাদেশ প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.