
বাংলাদেশ ক্রিকেটে আজ যে জৌলুস, তার বীজ বপন হয়েছিল সাভারের বিকেএসপিতে। আর সেই চারাগাছগুলোকে পরম মমতায় মহীরুহ করে তুলেছিলেন যারা, তাদের মধ্যে অন্যতম আখিনুর জামান রুশো। বিকেএসপির সাবেক এই ডেপুটি ডিরেক্টর (প্রশিক্ষণ) কেবল একজন সরকারি কর্মকর্তাই ছিলেন না, ছিলেন হাজারো ক্রিকেটারের ‘মেন্টর’। অথচ যথাযথ মূল্যায়ন আর প্রশাসনিক টানাপোড়েনে বিকেএসপির ৫ম গ্রেডের সম্মানজনক পদ ছেড়ে আজ তিনি বেসরকারি সংস্থায় কোচিং করাচ্ছেন।

দেশের ক্রিকেট ইতিহাসের সেরা প্রজন্ম— সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য, লিটনদাস,বিজয়, পিংকি,সুপ্তা সহ প্রায় শতাধিক খেলোয়াড়ের শুরুর দিনগুলোর শিক্ষক ছিলেন এই রুশো। মাঠের ডিসিপ্লিন থেকে শুরু করে টেকনিক্যাল খুঁটিনাটি, সবখানেই ছিল তার কড়া নজর। আজ যারা বিশ্ব শাসন করছেন, তাদের ভিত গড়ে দিয়েছিলেন এই পরিশ্রমী কোচ। অথচ তারকাদের আলোর ঝলকানিতে বরাবরই অন্ধকারেই রয়ে গেছেন নেপথ্যের এই কারিগর।
দীর্ঘদিন বিকেএসপিতে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন আখিনুর জামান রুশু। ডেপুটি ডিরেক্টর হিসেবে ৫ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা হওয়া সত্ত্বেও তাকে নানা সময় শিকার হতে হয়েছে পেশাদারী রাজনীতির। মেধাবী ও পরিশ্রমী এই মানুষটির প্রাপ্য সম্মান আর ন্যায্য অধিকারের পথে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে প্রশাসনিক আমলাতন্ত্র। শেষ পর্যন্ত অভিমান আর আত্মসম্মানবোধ থেকেই সরকারি চাকরির মায়া ত্যাগ করে বেরিয়ে আসেন তিনি। বর্তমানে তিনি দেশের অন্যতম বৃহৎ ক্রীড়া অবকাঠামো বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

আখিনুর জামান রুশোর জন্ম গাইবান্ধা জেলায়। নিজ জেলার একজন কৃতি সন্তান দেশের জন্য এত বড় সম্পদ তৈরি করলেও, আক্ষেপের বিষয় হলো—গাইবান্ধাবাসী তাকে দেয়নি কোনো বিশেষ স্বীকৃতি। স্থানীয় ক্রীড়া সংস্থা বা জেলা পর্যায় থেকেও এই গুণী মানুষটিকে মূল্যায়ন করার তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। নিজভূমে পরবাসী হয়ে থাকার এই কষ্ট মাঝেমধ্যেই ফুটে ওঠে তার সান্নিধ্যে আসা শিক্ষার্থীদের কথায়।
চাকরি ছাড়লেও মাঠ ছাড়েননি রুশু। বসুন্ধরা কিংসের অত্যাধুনিক সুযোগ-সুবিধা ব্যবহার করে তিনি এখন তৈরি করছেন আগামীর ‘সাকিব-তামিম’দের। সরকারি চেয়ার-টেবিলের ফাইলবন্দি জীবনের চেয়ে মাঠের ধুলোবালিই তার কাছে বেশি আপন। তবে প্রশ্ন থেকে যায়—যিনি দেশের ক্রিকেটের মহাতারকাদের কারিগর, তাকে কি এভাবেই অবজ্ঞা আর আড়ালে হারিয়ে যেতে দেবে রাষ্ট্র ও সমাজ?

"যোগ্য মানুষের কদর না করলে যোগ্য মানুষ জন্মায় না"—আখিনুর জামান রুশোর জীবন যেন আজ এই প্রবাদেরই প্রতিচ্ছবি।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.