
গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ ৮ পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
গেল ৪ এপ্রিল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,পলাশ আহমেদ (৩৫) মামলার প্রধান আসামি এবং উপজেলা যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক। তিনি পৌর শহরের গৃধারীপুর গ্রামের নুর মোহাম্মাদের ছেলে।
গোলজার রহমান (৩৪) মামলার ৪ নম্বর আসামি এবং পৌর যুব জামায়াতের সাবেক সেক্রেটারি। তিনি পৌর শহরের বৈরী হরিণবাড়ি গ্রামের মধু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ পলাশবাড়ী থানায় অতর্কিত ঢুকে ওসিসহ কর্তব্যরত ৮ পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। ওই মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ছিলেন পলাশ আহমেদ। দীর্ঘ নজরদারির পর গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত দেড়টার দিকে দিঘলকান্দি গ্রামের পাকা রাস্তা থেকে তাদের দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ারে আলম খান জানান, থানায় ঢুকে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এজাহারভুক্ত প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.