
গাইবান্ধা সদর উপজেলার আরিফ খাঁ বাসুদেবপুর গ্রামে এক সফল ব্যবসায়ীর মৃৎ শিল্প কারখানায় দুর্ধর্ষ সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ব্যবসায়ী ও তার কর্মচারীকে কুপিয়ে জখম করেছে স্থানীয় একদল চিহ্নিত সন্ত্রাসী। বর্তমানে গুরুতর আহত কর্মচারীকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, আরিফ খাঁ বাসুদেবপুর গ্রামের মৃত আব্দুল মজিদ শেখের ছেলে মোঃ মহিদুল ইসলাম দীর্ঘ দিন ধরে তার বসতবাড়ী সংলগ্ন ‘মক্কা মৃতিকালয়’ নামক কারখানায় সুনামের সাথে মাটির তৈজসপত্র তৈরি ও বাজারজাত করে আসছেন। তার ব্যবসার উন্নতি দেখে স্থানীয় একটি প্রভাবশালী কুচক্রী মহল দীর্ঘদিন ধরে ঈর্ষান্বিত হয়ে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা চাঁদা দাবি করে আসছিল।
আজ সকাল ১১টার দিকে মহিদুল ইসলাম কারখানায় থাকাকালীন পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় মোঃ রাজু মিয়া, মশিউর রহমান, ছানা মিয়া, ডিপটি মিয়াসহ প্রায় ১৩ জন চিহ্নিত আসামী এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠি, লোহার রড ও ধারালো ছোরা নিয়ে কারখানায় অনধিকার প্রবেশ করে।

আসামিররা পুনরায় ২ লক্ষ টাকা চাঁদা দাবি করলে মহিদুল ইসলাম তা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে ছানা মিয়া ও ডিপটি মিয়ার নির্দেশে সন্ত্রাসীরা কারখানায় ব্যাপক তাণ্ডব চালায়। এসময় তারা কারখানার প্রায় ৩ লক্ষ টাকার মালামাল ভাংচুর করে। বাধা দিতে গেলে সন্ত্রাসীরা ব্যবসায়ী মহিদুল ইসলামকে এলোপাথারি মারপিট শুরু করে।
এ সময় কারখানার কর্মচারী মোঃ ফরিদুল ইসলাম তাকে উদ্ধারে এগিয়ে আসলে আসামী রাজু মিয়া ধারালো ছোরা দিয়ে হত্যার উদ্দেশ্যে তার মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। অপর আসামী রানা মিয়া লোহার রড দিয়ে ফরিদুল ইসলামের পায়ের হাড় ভেঙে দেওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে আসামী মশিউর রহমান কারখানার ক্যাশ ড্রয়ার ভেঙে নগদ ১,৬০,০০০ (এক লক্ষ ষাট হাজার) টাকা লুটে নেয়।
আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় ফরিদুল ইসলামকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ব্যবসায়ী মহিদুল ইসলাম নিজেও প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

এ বিষয়ে ভুক্তভোগী মোঃ মহিদুল ইসলাম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
ব্যবসায়ী মহিদুল ইসলাম বলেন, "আমি বৈধভাবে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছি। সন্ত্রাসীরা আমাকে শান্তিতে ব্যবসা করতে দিচ্ছে না। চাঁদা না দেওয়ায় তারা আমার কারখানার ক্ষতি করেছে এবং আমাদের ওপর মরণঘাতী হামলা চালিয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার ও নিজের জানমালের নিরাপত্তা চাই।"

সদর থানার অফিসার ইনচার্জের সাথে কথা বললে তিনি জানান অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে বিষয়টি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.