প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ১০:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৬:৩৮ পি.এম
মন্ত্রীর নিষেধাজ্ঞা উপেক্ষা করে পরীক্ষার হলে এমপির ফেসবুক লাইভ!

শিক্ষামন্ত্রীর স্পষ্ট নির্দেশনা ও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কুমিল্লার একটি পরীক্ষাকেন্দ্রে সংসদ সদস্যের (এমপি) প্রবেশের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।শুধু কেন্দ্রে প্রবেশই নয়, আইন প্রণেতা হয়েও নিয়ম ভেঙে হলের ভেতর থেকে ফেসবুক লাইভ করেছেন তিনি, যা নিয়ে শিক্ষা অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র সমালোচনার ঝড় বইছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলমান পাবলিক পরীক্ষার কেন্দ্রের পবিত্রতা ও গোপনীয়তা রক্ষায় শিক্ষা মন্ত্রণালয় থেকে জনপ্রতিনিধিসহ অননুমোদিত ব্যক্তিদের প্রবেশে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছিল। এমনকি কেন্দ্রে স্মার্টফোন ব্যবহারের ওপরও রয়েছে কড়া নিষেধাজ্ঞা।
তবে আজ এসএসসি পরিক্ষার প্রথম দিনেই কুমিল্লার উক্ত আসনের সংসদ সদস্য আকস্মিকভাবে কেন্দ্রে পরিদর্শনে যান। এবং তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সরাসরি সম্প্রচারে (লাইভ) যুক্ত হন।
ভিডিওতে দেখা যায়, তিনি পরীক্ষার্থীদের সারির মাঝখান দিয়ে হাঁটছেন এবং কথা বলছেন। এতে পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের মনোযোগ বিঘ্নিত হতে দেখা যায়।
এই ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।
সচেতন নাগরিকরা বলছেন, যেখানে মন্ত্রী মহোদয় নিজে ঘোষণা দিয়েছেন যে কেন্দ্রে কেউ অকারণে প্রবেশ করতে পারবেন না, সেখানে একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে সংসদ সদস্যের এমন আচরণ কাম্য নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক বলেন, "আমরা বাচ্চাদের কেন্দ্রে ফোন নিতে দেই না, আর এমপি সাহেব ভেতরে ঢুকে লাইভ করছেন! এটা কি নিয়ম ভাঙার মহড়া নয়?"
এ বিষয়ে কেন্দ্র সচিবের সাথে যোগাযোগ করা হলে তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, "এমপি মহোদয় আসাতে আমরা অনেকটা অপ্রস্তুত ছিলাম। পরিস্থিতির কারণে আমরা তাকে সরাসরি বাধা দিতে পারিনি।" তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে কি না, সে বিষয়ে তিনি মুখ খোলেননি।
অন্যদিকে, অভিযুক্ত সংসদ সদস্যের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শিক্ষা বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের ঘটনায় সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে ভুল বার্তা যায়। প্রশাসনিক শৃঙ্খলা রক্ষায় উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ ও তদন্তের দাবি জানিয়েছেন তারা।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.