
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা বাজার এলাকায় মাদক কারবারিদের আনাগোনা ও চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সবশেষ গত সোমবার রাতে একটি বৈদ্যুতিক খুঁটি থেকে তিনটি ট্রান্সফরমারের মূল্যবান তামা চুরি হওয়ার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিরাপত্তার অভাব দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে ফলগাছা বাজার সংলগ্ন এলাকার একটি বৈদ্যুতিক খুঁটিতে থাকা তিনটি ট্রান্সফরমার কৌশলে খুলে তার ভেতর থেকে দামী তামা বের করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
এলাকাবাসীর অভিযোগ, ফলগাছা বাজার এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারিদের অবাধ বিচরণ ও সেবনকারীদের আড্ডা বসছে। সন্ধ্যার পর থেকেই এসব চক্র সক্রিয় হয়ে ওঠে। মাদক সেবনের টাকার যোগান দিতেই এই চক্রটি চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
একজন ভুক্তভোগী বাসিন্দা আক্ষেপ করে বলেন "আমরা এখন আর নিরাপদ বোধ করি না। মাদক আর চোরের যন্ত্রণায় রাতের ঘুম হারাম হয়ে গেছে। প্রতিদিন নতুন নতুন অঘটন ঘটছে, অথচ প্রশাসনের কোনো তৎপরতা চোখে পড়ছে না।"
স্থানীয়রা জানান, এলাকায় মাদক নির্মূল ও চুরির ঘটনা বন্ধে থানায় লিখিত অভিযোগ জানালেও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পুলিশের টহল জোরদার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে মনে করছেন সচেতন মহল।
বর্তমানে ফলগাছা বাজার ও আশেপাশের এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর দাবি—অবিলম্বে মাদক সিন্ডিকেট ও চোরচক্রকে আইনের আওতায় এনে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক। নিয়মিত পুলিশি টহল ও কঠোর আইন প্রয়োগই কেবল এই পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে পারে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন বামনডাঙ্গা ইউনিয়নের সর্বস্তরের মানুষ।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.