
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে পেট্রোল ও ডিজেল মজুদ করে বিক্রির অপরাধে আব্দুর রহিম (৩৫) নামে এক ব্যবসায়ীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা এ অভিযান পরিচালনা ও রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের ধর্মপুর গ্রামের জামাল উদ্দীনের ছেলে। তিনি স্থানীয় ধর্মপুর বাজারে দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেলের ব্যবসা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়কের ধর্মপুর বাজারে ঝটিকা অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় রহিমের দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ২৭ লিটার পেট্রোল ও ৬৫ লিটার ডিজেল জব্দ করা হয়। লাইসেন্স ছাড়াই দাহ্য পদার্থ মজুদ করে জননিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ দিনের সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান এবং ডিএসবি কর্মকর্তা আনিসসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.