
গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরের গ্রাম পুলিশদের (দফাদার ও মহল্লাদার) পোশাক ও অন্যান্য সরঞ্জামাদি সরবরাহের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। আজ ২৩ এপ্রিল, ২০২৬ তারিখ বেলা ১টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত থাকলেও, তার আগেই এক পক্ষ অন্য পক্ষকে দরপত্র ফেলতে বাধা প্রদান করবে বলে অভিযোগ উঠেছে।
সকাল থেকেই জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সামনে দুই পক্ষের সমর্থকদের সমাগম বাড়তে থাকে। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি নির্দিষ্ট পক্ষ দরপত্র বক্সের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে এবং অন্য দরপত্রদাতাদের বক্সের কাছে ভিড়তে দিচ্ছে না। দুপুর ১টা বাজার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সরজমিনে দেখা যায়, নীল রঙের দরপত্র বক্সটির ওপরে সেঁটে দেওয়া নোটিশে আজ সকাল ৯:০০ ঘটিকায় বক্সটি খালি অবস্থায় সিলগালা করার কথা উল্লেখ রয়েছে। তবে সময় যত ঘনিয়ে আসছে, কার্যালয় চত্বরে উত্তজনা ততই বাড়ছে। সাধারণ ঠিকাদারদের অভিযোগ, একটি প্রভাবশালী গোষ্ঠী সিন্ডিকেট তৈরি করে অন্যদের সুযোগ বঞ্চিত করার চেষ্টা করছে।
উত্তেজনাপূর্ণ পরিস্থিতির খবর পেয়ে কার্যালয় চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে বাধা প্রদানের অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী দরপত্রদাতারা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দরপত্র জমা দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় এই টেন্ডার প্রক্রিয়া নিয়ে বড় ধরনের অনিয়মের আশঙ্কা করছেন তারা।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.