
গাইবান্ধায় চিহ্নিত চাঁদাবাজদের অনৈতিক দাবি এবং হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য দলিল লেখা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জেলা দলিল লেখক সমিতি। আজ দুপুরে সদর সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।
গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিনের অস্থিরতা এবার রূপ নিয়েছে সশরীরে হামলায়। ভুক্তভোগীদের অভিযোগ, পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের রউফের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে রেজিস্ট্রি অফিসে চাঁদাদাবি করে আসছিল।
আজ সকালে রউফের নেতৃত্বে ১০ থেকে ১২ জন এসে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদকের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মল্লিকের ওপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় তাৎক্ষণিক জনাকীর্ণ সংবাদ সম্মেলন করেন জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মল্লিক। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, জেলা বিএনপির উপদেষ্টা হওয়া সত্ত্বেও খোদ দলীয় পরিচয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।
তিনি আরো জানান"চিহ্নিত চাঁদাবাজ রউফের নেতৃত্বে আমার অফিসে এসে চাঁদা দাবি করা হয়েছে। আমি প্রতিবাদ করায় আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, এঝারাও তারা হুমকি দিয়ে গেছে, দলিল প্রতি চাঁদা না দিলে আরও বদড় হেনস্তা করবে।
ইতোমধ্যেই প্রশাসনের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে সমিতি। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না করা পর্যন্ত রেজিস্ট্রি অফিসের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তে অটল রয়েছেন দলিল লেখকরা।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.