
“সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ”—এই দৃপ্ত স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় অনুষ্ঠিত হয়ে গেল দুর্নীতি দমন কমিশনের (দুদক) বর্ণাঢ্য গণশুনানি। দীর্ঘ বিরতির পর দুদকের এই উদ্যোগে জেলাজুড়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

দুদক সমন্বিত জেলা কার্যালয়, গাইবান্ধার আয়োজনে শহরের ইনডোর স্টেডিয়ামে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহীম।
গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক মোতাহার হোসেন।

২০১৯ সালের পর গাইবান্ধায় এটিই প্রথম বড় কোনো গণশুনানি। স্থানীয়দের মাঝে এই আয়োজন নিয়ে কতটা আগ্রহ ছিল, তা স্পষ্ট হয় মোট জমা পড়া অভিযোগ ১১৮ থেকে।
যদিও এর মাঝে বাতিলকৃত অভিযোগ ২২টি (যথাযথ তথ্য ও প্রমাণের অভাবে) এবং গৃহীত অভিযোগ ৯৬টি।
মোট ৩২টি সরকারি দপ্তরের দুর্নীতির বিষয়ে এসব অভিযোগ দাখিল করা হয়।
দিনব্যাপী এই শুনানিতে ভুক্তভোগীরা সরাসরি উর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তাদের হয়রানি ও দুর্নীতির অভিজ্ঞতা তুলে ধরেন। বিশেষ করে ভূমি অফিস, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা অফিস ও স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের বিরুদ্ধে আসা অভিযোগগুলো বিস্তারিতভাবে শোনা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "জনগণকে সেবা দিতে এসে যারা দুর্নীতিতে জড়াবেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। অভিযোগগুলো খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দীর্ঘ ৫ বছর পর এমন প্রকাশ্য শুনানির সুযোগ পেয়ে উচ্ছ্বসিত গাইবান্ধার সাধারণ মানুষ। উপস্থিত অনেকে জানান, কর্মকর্তাদের সামনে সরাসরি সমস্যার কথা বলতে পেরে তারা ন্যায়বিচারের আশা দেখছেন। দুর্নীতি প্রতিরোধে দুদকের এমন ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান তারা।
অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করার কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.