
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাখিল পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র ও লিখিত উত্তরপত্রসহ জুলফিকার আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কামদিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জুলফিকার আলী উপজেলার কামদিয়া ইউনিয়নের মহিষমুড়ি গ্রামের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় প্রশ্নপত্র ফাঁস, প্রক্সি পরীক্ষার্থী (বদলি) সরবরাহ ও পরীক্ষার নানাবিধ অনিয়মের সিন্ডিকেটের সঙ্গে জড়িত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার দাখিল পরীক্ষা চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে কামদিয়া বাজার এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। অভিযানকালে কামদিয়া দারুল উলুম সিদ্দিকিয়া আলী মাদ্রাসা কেন্দ্রের অদূরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় জুলফিকার আলীকে আটক করা হয়।
আটকের পর জুলফিকার আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন জানায়, পরীক্ষা সুষ্ঠু, ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের কঠোর নজরদারি বজায় রয়েছে। এই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে, তা শনাক্ত করতে তদন্ত চলছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.