
কাগজে-কলমে শতভাগ স্বচ্ছতা আর অনলাইনে ‘ডিজিটাল লটারি’র বুলি আওড়ানো হলেও, বাস্তবে সেই পুরনো সিন্ডিকেট আর অনিয়মের চাদরেই ঢাকা পড়ে রইল সরকারি ধান সংগ্রহ অভিযান।
গাইবান্ধায় ‘অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ ২০২৬’-এর শুভ উদ্বোধনের দিনেই প্রকাশ্য দিবালোকে ধরা পড়েছে খাদ্য বিভাগের চরম অনিয়ম ও জালিয়াতির চিত্র। কৃষকের নামের পাশে ভুয়া মোবাইল নম্বর বসিয়ে প্রকৃত চাষিদের হরণ করার এই অপচেষ্টা স্বয়ং জেলা প্রশাসকের চোখেই ধরা পড়েছে। উদ্বোধনের প্রথম দিনেই যেখানে অনিয়মের এমন নগ্ন রূপ দৃশ্যমান, সেখানে আগামী দিনগুলোতে ধান সংগ্রহের স্বচ্ছতা নিয়ে সাধারণ কৃষকদের মাঝে চরম সংশয় ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, ধান সংগ্রহ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে অনলাইনে আবেদন গ্রহণ করে কৃষকদের একটি চূড়ান্ত তালিকা তৈরি করার কথা। নিয়ম রয়েছে, সেই তালিকায় থাকা প্রকৃত কৃষকদের মোবাইল নম্বর ব্যবহার করে লটারির মাধ্যমে ধান কেনা হবে।
আজ (২৪ মে) জেলা খাদ্য গুদামে এই সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। উদ্বোধনের পর সন্দেহ হওয়ায় জেলা প্রশাসক উপস্থিত সবার সামনে ডিজিটাল তালিকা থেকে একটি নম্বরে কল দেওয়ার নির্দেশ দেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমানকে। সরকারি কর্মকর্তার মোবাইল থেকে লাউডস্পিকারে সেই নম্বরে কল দেওয়া হলে উপস্থিত সবার চোখ চড়কগাছ হয়ে যায়। ওপাশ থেকে ভেসে আসা কণ্ঠটি কোনো কৃষকের নয়! অর্থাৎ, তালিকায় কৃষকের নাম থাকলেও মোবাইল নম্বরটি ব্যবহার করা হয়েছে অন্য কারো।

এই একটি ঘটনাই প্রমাণ করে যে, বিগত বছরগুলোর মতোই এবারও খাদ্য দপ্তরের ভেতরে বাসা বেঁধেছে অনিয়মের গভীর সিন্ডিকেট। মাঠপর্যায়ের কৃষকদের অভিযোগ, প্রকৃত কৃষকদের আড়ালে রেখে নিজেদের পছন্দের মিল ও চাতাল মালিকদের বিশেষ সুবিধা দিতে এবং নিজেদের পকেট ভারী করতেই খাদ্য অধিদপ্তরের একটি চক্র এই ভুয়া নম্বর ও ভুয়া কৃষকের তালিকা তৈরি করেছে। ডিজিটাল লটারির নামে মূলত পর্দার আড়ালে চলছে কোটি টাকার ধান-চাল বাণিজ্য।
উদ্বোধনী অনুষ্ঠানেই এমন ন্যাক্কারজনক জালিয়াতি হাতেনাতে ধরা পড়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান। তবে নিজের দপ্তরের এমন নজিরবিহীন গাফিলতি ও দুর্নীতির দায় স্বীকার করার পরিবর্তে তিনি অত্যন্ত চতুরতার সাথে পুরো বিষয়টি কৃষি বিভাগের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন।
সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেন— কৃষি বিভাগ তালিকা দিলেও, বিতরণের আগে জেলা খাদ্য বিভাগ কেন সেই তালিকা ও মোবাইল নম্বরগুলো ক্রস-চেক বা যাচাই-বাছাই করল না? এই তীক্ষ্ণ প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি জেলা খাদ্য নিয়ন্ত্রক। বরং আমতা আমতা করে বিষয়টি এড়িয়ে যান, যা তার দপ্তরের ভেতরের যোগসাজশকে আরও বেশি স্পষ্ট করে তোলে।

উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি উপস্থিত সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, উদ্বোধনের দিনেই যে অনিয়ম ও ভুয়া নম্বরের বিষয়টি সামনে এসেছে, তা অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হবে। এই জালিয়াতির পেছনে কারা জড়িত এবং কীভাবে কৃষকের তালিকায় ভুয়া নম্বর ঢুকল, তা কঠোরভাবে খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উদ্বোধনের প্রথম দিনেই খোদ জেলা প্রশাসকের হাতেনাতে যেখানে জালিয়াতি ধরা পড়ে, সেখানে পুরো জেলা জুড়ে বাকি ধান সংগ্রহ কীভাবে হবে— তা নিয়ে বড় ধরনের প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহল ও সাধারণ কৃষকদের দাবি, অবিলম্বে এই ভুয়া তালিকা বাতিল করে নিবিড় তদন্তের মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা নিশ্চিত করা হোক; অন্যথায় সরকারের এই মহৎ উদ্যোগ ভেস্তে যাবে এবং কেবল সিন্ডিকেটই লাভবান হবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.