
যৌতুকের নির্যাতনে বিচ্ছেদ, তারপর আবার বিয়ের প্রলোভন দেখিয়ে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে অবশেষে র্যাবের জালে ধরা পড়েছেন মামলার প্রধান আসামি আল আমিন (২৪)।
গতকাল রবিবার বিকেলে ঢাকা জেলার আশুলিয়া বাজার এলাকায় র্যাব-১৩ এবং র্যাব-৪ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল আমিন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে। আজ সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর ইসলামি শরিয়াহ মোতাবেক আল আমিনের সাথে ভুক্তভোগী তরুণীর বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে ওই গৃহবধূর ওপর চলত নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন। নির্যাতনের একপর্যায়ে গত বছরের (২০২৫ সালের) ১০ অক্টোবর স্ত্রীকে একতরফা তালাক দেয় আল আমিন।
নৃশংসতার এখানেই শেষ নয়। তালাকের পর অনুতপ্ত হওয়ার নাটক সাজিয়ে ওই তরুণীকে আবারও বিয়ের প্রলোভন দেখায় আল আমিন। পরে তাকে নিজের খালার বাসায় নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর ভুক্তভোগী নারী বিয়ের জন্য চাপ দিলে আল আমিন সাফ অস্বীকৃতি জানায়। উপায়ান্তর না দেখে চলতি বছরের ৫ মে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং- ০৯) দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।
মামলা দায়েরের পর গ্রেফতার এড়াতে ঢাকার আশুলিয়ার কাঠগড়া এলাকায় আত্মগোপন করে আল আমিন। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১৩ (গাইবান্ধা ক্যাম্প) এবং র্যাব-৪ (সাভার নবীনগর ক্যাম্প) যৌথ অভিযান চালিয়ে তাকে আশুলিয়া বাজার থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। ধর্ষণ, অপহরণ ও হত্যার মতো অপরাধ দমনে র্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.