
নৌকা চালকদের পকেট কাটা তো নিয়মে পরিণত হয়েছেই, এবার সেই জুলুমের ছবি তুলতে গিয়ে খোদ গণমাধ্যমকর্মীও রেহাই পেলেন না ঘাটের ‘হর্তাকর্তাদের’ হাত থেকে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ঐতিহ্যবাহী বালাসী ঘাটে অতিরিক্ত চাঁদা আদায়ের মহোৎসব ও এক নৌকা চালককে মারধর করার লাইভ ভিডিও ধারণ করায় ৭১ টিভির ভিডিও জার্নালিস্ট তাজরুল ইসলামের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে এবং মোবাইল ছিনিয়ে নিয়ে ডিলিট করে দেওয়া হয়েছে সব তথ্য-প্রমাণ।
অভিযুক্ত ব্যক্তির নাম জন। নিজেকে তিনি কঞ্চিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে পরিচয় দিয়ে ঘাটে একচ্ছত্র রাজত্ব চালাচ্ছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের মতে, বালাসী ঘাটে দীর্ঘদিন ধরেই সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত চাঁদা আদায় করা হচ্ছিল। ঘটনার দিন এক অসহায় নৌকা চালক সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ঘাটের চাঁদাবাজরা প্রকাশ্য দিবালোকে ওই চালককে চরমভাবে হয়রানি করে এবং তার পকেটে থাকা নগদ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।
ঠিক সেই মুহূর্তেই পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ঘটনাটি নিজের মোবাইল ফোনে ধারণ করছিলেন ক্যামেরাম্যান তাজরুল ইসলাম। অন্যায় ঢাকা দিতে মুহূর্তের মধ্যে চড়াও হয় ‘ছাত্রদল নেতা’ পরিচয়ধারী জন ও তার বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তোয়াক্কা না করে তাজরুল ইসলামের হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া হয়। শুধু তাই নয়, তাকে অকথ্য ভাষায় গালাগাল, ধাক্কাধাক্কি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে মোবাইল ফোনে থাকা ওই চাঁদাবাজির সব ভিডিও ফুটেজ এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জোরপূর্বক ডিলিট করে ফোনটি ফেরত দেওয়া হয়।
এই ন্যাক্কারজনক ঘটনার পর পুরো ফুলছড়ি ও গাইবান্ধা জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, দীর্ঘদিন ধরে বালাসী ঘাটে এই প্রকাশ্য চাঁদাবাজি চললেও প্রশাসন কেন নির্বিকার, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
রাজনৈতিক পরিচয়কে ঢাল বানিয়ে ঘাটগুলোতে যে মগের মুল্লুক চালানো হচ্ছে, এই ঘটনা তারই প্রমাণ।
ভুক্তভোগী ভিডিও সাংবাদিক তাজরুল ইসলাম জানিয়েছেন, প্রকাশ্য দিবালোকে একজন গণমাধ্যমকর্মীর ওপর হামলা এবং তথ্য-প্রমাণ ধ্বংস করার এই ঘটনার বিরুদ্ধে তিনি শক্ত আইনি পদক্ষেপ নিচ্ছেন।
এখন দেখার বিষয়, গণমাধ্যমের কণ্ঠরোধকারী এবং ঘাটের এই স্বঘোষিত ‘ডনদের’ বিরুদ্ধে প্রশাসন আদৌ কোনো কঠোর অ্যাকশনে যায়, নাকি বরাবরের মতোই ‘তদন্ত চলছে’র বৃত্তে আটকে থাকে ভুক্তভোগীদের বিচার!
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.