
গাইবান্ধায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনস্থ কোটি কোটি টাকার নদী তীরবর্তী বাঁধ ও তীর সংরক্ষণ প্রকল্পে ভয়াবহ অনিয়ম ও হরিলুটের অভিযোগ উঠেছে। কোনো প্রকার পূর্ব অভিজ্ঞতা ছাড়াই রাতারাতি বড় পদের দায়িত্ব বাগিয়ে নেওয়া, মাটির পরিবর্তে সস্তা বালু ব্যবহার এবং নামমাত্র কাজ করে কোটি কোটি টাকার ফাইনাল বিল তুলে নেওয়ার মতো গুরুতর অনিয়মে জড়িয়ে পড়েছে পাউবোর একটি প্রভাবশালী সিন্ডিকেট। ফলে, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত কামারজানি-চন্দিপুর বাঁধ ও বোল্ডারের কাজ মাত্র দেড় বছরের মাথায় ধসে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, ডিপ্লোমা প্রকৌশলী থেকে সম্প্রতি সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি পান আবু সায়েম শাফিউল ইসলাম। অভিযোগ রয়েছে, এই পদোন্নতির মাত্র ৬ মাসের মাথায় বড় অঙ্কের আর্থিক লেনদেনের বিনিময়ে নিয়মবহির্ভূতভাবে তিনি উপ-বিভাগীয় প্রকৌশলীর (এসডি) মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব বাগিয়ে নিয়ে গাইবান্ধায় পোস্টিং নেন।

এখানে এসে রেজাউল করিম নামে অপর এক কর্মকর্তার সাথে মিলে গড়ে তোলেন এক শক্তিশালী ‘দুর্নীতি চক্র’।
কামারজানি হতে চন্দিপুর পর্যন্ত বাঁধের মূল কাজে নিয়ম অনুযায়ী মাটি ব্যবহারের কথা থাকলেও, সিন্ডিকেটটি সস্তা বালু দিয়ে বাঁধের কাজ সমাপ্ত দেখিয়েছে। মাটির বরাদ্দ বালু দিয়ে ভরাট করে সরকারের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে ঠিকাদারকে ফাইনাল বিল দেওয়া হয়েছে।
আর সে কারনেই সামান্য বৃষ্টি হতেই বাঁধের ভেতরের বালু বের হয়ে আসছে এবং বোল্ডারের কাজ ভেঙে নদীতে তলিয়ে যাচ্ছে।

এদের বাহিরেও অভিযোগের তীর বর্তমান নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলামের দিকেও। স্থানীয় সূত্র ও ভুক্তভোগী ঠিকাদারদের দাবি, নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম মূলত ধর্মীয় ‘জান্নাতি লেবাসের’ আড়ালে গাইবান্ধাকে টাকা কামানোর উর্বর ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন।
"উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডি) আবু সায়েম ও রেজাউল করিমের অবৈধ আয়ের বড় একটি অংশ সরাসরি নির্বাহী প্রকৌশলীর ব্যক্তিগত খাতে জমা হয়। ফলে তারা নির্বাহী প্রকৌশলীর কাছে ‘ননীর পুতুল’ হিসেবে সমীহ পান। এই আশকারায় তারা এলাকায় ‘দুর্নীতির বরপুত্র’ হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছেন।"

এছাড়াও এই চক্রের অন্যতম লক্ষ্য পূরণে সর্বদা ঠিকাদারদের ওপর অনৈতিক টাকার জন্য চাপ সৃষ্টি এবং হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও উঠেছে। এমনকি নিজেদের অপকর্ম ঢাকতে কতিপয় অসাধু সংবাদকর্মীকেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে ম্যানেজ করে রাখার অভিযোগ উঠেছে এই চক্রের বিরুদ্ধে।
কামারজানির পাশাপাশি লালচামার, কছিম বাজার ও পারাসাদুয়া এলাকায় চলছে অনিয়মের আরেক মহোৎসব। এই এলাকায় নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলামের সুনির্দিষ্ট তত্ত্বাবধান ও এসডি রেজাউল করিমের সরাসরি নির্দেশনায় মাঠ পর্যায়ে কাজ করছেন উপ-সহকারী প্রকৌশলী (এসও) সাদেকুল ইসলাম।
অভিযোগ রয়েছে, কাজের মান রক্ষা না করে কীভাবে বাজেট আত্মসাৎ করা যায়, তা নিয়ে সাদেকুল ইসলাম যেন ‘দুর্নীতির গোল্ড মেডেল’ পাওয়ার প্রতিযোগিতায় নেমেছেন। যার ফলে লালচামার ও শ্রীপুর এলাকায় কোটি কোটি টাকার বোল্ডারের কাজ শেষ হওয়ার মাত্র ১.৫ বছরের মাথায় ধসে পড়েছে। দুঃখজনক বিষয় হলো, সেই ভাঙা অংশ মেরামতের নামে বর্তমানে যে জরুরি তহবিল বরাদ্দ করা হয়েছে, সেখানেও পুনরায় হরিলুট চলছে।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত এডিপি (ADP) ও এডিআর খাত থেকে পাওয়া কয়েক কোটি টাকার বরাদ্দের কোনো বাস্তব কাজই গাইবান্ধায় হয়নি।
তৎকালীন নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক এবং এসিড আবু সায়েম মিলে ‘আরএফকিউ’ (RFQ) বা কোটেশনের নামে কোনো কাজ না করেই এই বিশাল অঙ্কের বরাদ্দ নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে সরকারি কোষাগার শূন্য করেছেন বলে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

নদী ভাঙনকবলিত গাইবান্ধার অসহায় মানুষের সুরক্ষার জন্য আসা কোটি কোটি টাকার এই হরিলুটের ঘটনায় স্থানীয় জনগণের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ও সচেতন মহলের দাবি, পাউবোর এই সিন্ডিকেটের (নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, এসডি আবু সায়েম, এসডি রেজাউল করিম, এসও সাদেকুল এবং সাবেক নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক) বিরুদ্ধে উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় বা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সুষ্ঠু তদন্ত হলেই থলের বিড়াল বেরিয়ে আসবে।
( আগামি পর্বে আসছে আরো ভযাবহ তথ্য)
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.