
গাইবান্ধায় সুন্দরগঞ্জ উপজেলার পুঠিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার দায়ের করা সাধারণ ডায়েরিকে (জিডি) কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগকারী শিক্ষিকা নাজনীন সুলতানা শহরের এক যুবকের বিরুদ্ধে ব্ল্যাকমেইল ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দিলেও, অনুসন্ধানে বেরিয়ে এসেছে পরকীয়া, একাধিক বিয়ে এবং দেশজুড়ে সক্রিয় ‘অবৈধ ডিভাইস চক্রের’ সাথে সম্পৃক্ততার নানামুখী চাঞ্চল্যকর তথ্য।
গাইবান্ধা সদর থানায় দেয়া লিখিত অভিযোগে সুন্দরগঞ্জ থানাধীন পুটিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজনীন সুলতানা দাবি করেন, পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির মাধ্যমে সরকার পাড়ার বাসিন্দা আব্দুল্লাহ আল হারুন সুহিন (৪২) নামের এক যুবকের সাথে তার পরিচয় হয়। অভিযোগ অনুযায়ী, সুহিন বিভিন্ন সময়ে তার কাছ থেকে নগদ, বিকাশ ও সোনালী ব্যাংকের মাধ্যমে প্রায় ৮ লক্ষ টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে আরও ১০ হাজার টাকা দাবি করে এবং তা না দিলে বাদীনির অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলে জিডিতে উল্লেখ করা হয়।
তবে ঘটনার গভীরে অনুসন্ধানে জানা গেছে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। স্থানীয় সূত্র ও ঘটনার পারিপার্শ্বিকতায় জানা যায়, স্বামী এ কে এম আজাদ সরকারের সাথে পারিবারিক দূরত্বের কারণে নাজনীন সুলতানা একপর্যায়ে বাড়ি ছেড়ে শহরের খানকা শরীফ এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। সেখানে থাকাকালীন অভিযুক্ত সুহিনের সাথে তার গভীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ প্রায় চার বছর ধরে চলা এই সম্পর্কের একপর্যায়ে তারা মুসলিম শরিয়ত মোতাবেক কুষ্টিয়ায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলেও সুহিন সূত্রে জানা গেছে। শুধু তাই নয়, সুহিনের কাছ থেকে বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও ক্যাশ আকারে মোটা অঙ্কের টাকা নাজনীন সুলতানা নিজেই গ্রহণ করেছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।
অনুসন্ধানে আরও জানা গেছে, এই পুরো নাটকের পেছনে রয়েছে দেশজুড়ে চলমান একটি অবৈধ ডিভাইস চক্র। নাজনীন সুলতানের বর্তমান স্বামী এ কে এম আজাদ সরকার গাইবান্ধা সরকারি উচ্চ বিদ্যালয়ে চাকরির সময় থেকেই এই ডিভাইস চক্রের অন্যতম সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছেন বলে অভিযোগ রয়েছে। এমনকি এই ডিভাইসের মাধ্যমে শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে চাকরি পাইয়ে দেওয়ার সুবাদে ওই শিক্ষিকার সাথেও আজাদ সরকারের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে জানা যায়। চাকরি দেওয়ার নামে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার পর চাকরি না হওয়ায় অনেকেই এখন পাওনা টাকা উদ্ধারে দেন-দরবার চালাচ্ছেন।
বিস্ময়কর বিষয় হলো, টানা চার বছর সুহিনের সাথে সম্পর্ক ও বিয়ের পর, গত ১৬ মে নাজনীন সুলতানা পুনরায় তার পূর্বের স্বামী আজাদের ঘরে ফিরে যান। আজাদ সরকার নিজের ও স্ত্রীর যাবতীয় অপকর্ম আড়াল করতে এবং সামাজিক চাপ থেকে বাঁচতে স্ত্রীকে আশ্রয় দেন বলে ধারণা করা হচ্ছে। সামাজিক ও আইনিভাবে নিজেদের পিঠ বাঁচাতে এবং পুরো দোষ সুহিনের ঘাড়ে চাপানোর উদ্দেশ্যেই এই 'হয়রানিমূলক' জিডি করা হয়েছে বলে সংশ্লিষ্ট মহলের দাবি।
এ বিষয়ে বক্তব্য জানতে আজাদ সরকারের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে তার বাসায় সরাসরি গিয়ে যোগাযোগ করা হলে, স্ত্রী চার বছর তার সাথে ছিলেন না—এই সত্যটি স্বীকার করলেও তিনি দাবি করেন, অভিযুক্ত সুহিন তার স্ত্রীকে ব্ল্যাকমেইল করেছে।
সংশ্লিষ্ট বিষয়ে মামলার তদন্ত ও সত্য উদঘাটনে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।
( আরো ভয়ংকর তথ্য উপাত্ত নিয়ে আসছি আগামি পর্বে)
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.