
গাইবান্ধার পলাশবাড়ীতে বিপুল অর্থ ব্যয়ে মন্দির ও বিশালাকার শিবমূর্তি নির্মাণ করে নতুন করে ব্যাপক আলোচনায় এসেছেন দেশজুড়ে আলোচিত প্রতারক শ্রী হরিদাস চন্দ্র তরনীদাস ওরফে তাওহীদ ইসলাম। একজন চিহ্নিত এবং সাবেক র্যাব সদস্যদের হাতে গ্রেপ্তার হওয়া প্রতারকের এমন 'ধর্মীয় দাতব্য' কর্মকাণ্ডের নেপথ্য উদ্দেশ্য নিয়ে খোদ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ, ধোঁয়াশা এবং হাজারো প্রশ্নের সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, হরিদাসের অতীত রূপকথার গল্পকেও হার মানায়। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় অবৈধ উপায়ে ভারতে পাড়ি জমান তিনি। সেখানে স্থানীয় এক পঞ্চায়েত প্রধানের কাছ থেকে ভুয়া ‘এতিম সার্টিফিকেট’ সংগ্রহ করে পড়ালেখা এবং ইলেকট্রনিক্সের প্রশিক্ষণ নেন। ২০১০ সালে দেশে ফিরে রাজধানীর উত্তরায় একজন সাধারণ এসি মেকানিক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর ২০১৮ সালে উত্তরার এক সবজি বিক্রেতার সাথে সাবলেট বাসায় থাকার সময় বিয়ে করেন এবং ২০১৯ সালে ধর্মান্তরিত হয়ে 'তাওহীদ ইসলাম' নাম ধারণ করেন।
ধর্মান্তরিত হওয়ার পর থেকেই শুরু হয় তাওহীদ ওরফে হরিদাসের অভিনব ও হাইপ্রোফাইল প্রতারণা। নিজেকে সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য এবং কখনো প্রটোকল অফিসার পরিচয় দিয়ে দামি গাড়ি ও রাজকীয় পোশাকে চষে বেড়াতেন দেশময়। নিজের মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নাম ভুয়া সেভ করে রাখতেন এবং বিত্তশালীদের সামনে অবলীলায় জাল কল দিয়ে বিশ্বাস অর্জন করতেন।

উচ্চপদস্থ চাকরি, কাংখিত বদলি, সরকারি বড় বড় টেন্ডার পাইয়ে দেওয়া এবং মেগা প্রজেক্টে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে দেশের নামী-দামী মানুষের কাছ থেকে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। এই অবৈধ অর্থের জোরেই ময়মনসিংহের ফুলবাড়িয়ায় 'প্যারিস সুইমিংপুল এন্টারটেইনমেন্ট পার্ক' নামে একটি বিলাসবহুল রিসোর্ট তৈরি করেন তিনি। ২০২১ সালে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাবের হাতে সহযোগীসহ গ্রেপ্তারও হয়েছিলেন এই মঁহাপ্রতারক।
বর্তমানে জামিনে এসে নতুন রূপ ধারণ করেছেন হরিদাস। পলাশবাড়ীর কোমরপুরে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দাবি করে 'রাধা গোবিন্দের মন্দির', প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে বিশালাকার শিবমূর্তি এবং আরও কিছু বৃহৎ আকৃতির মূর্তি নির্মাণ কাজ শুরু করেছেন তিনি। স্থানীয়দের দাবি, সব মিলিয়ে প্রায় ২২ কোটি টাকার প্রজেক্ট চলছে এখানে।
একজন চিহ্নিত অপরাধী, যার আয়ের কোনো বৈধ উৎস নেই, তিনি হঠাৎ করে সনাতন ধর্মের 'ত্রাতা' সেজে ২২ কোটি টাকা কোথায় পেলেন—তা নিয়ে খোদ হিন্দু সম্প্রদায়ের মানুষই এখন সন্দিহান।
তথ্যমতে, নিজের এই অপরাধলব্ধ কালো টাকা ও অপকর্ম ঢাকতে হরিদাস স্থানীয় কতিপয় সুযোগসন্ধানী সংবাদকর্মীকে অর্থের প্রলোভনে নিজের পকেটে পুরেছেন। মাঝেমধ্যে লোক দেখানো কিছু অনুদানের দৃশ্য ক্যামেরার সামনে সাজিয়ে সেই সাংবাদিকদের দিয়ে প্রচার করাতেন তিনি। বিনিময়ে ওই কথিত সংবাদকর্মীরাও মোটা অঙ্কের আর্থিক সুবিধা নিতেন এবং হরিদাসের সব অপরাধের ঢাল হিসেবে কাজ করতেন বলে অভিযোগ উঠেছে।

বর্তমানে সাধারণ হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে হরিদাসের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রশ্ন তোলা হয়েছে। এটি কি স্রেফ অপরাধ জগতের কালো টাকা সাদা করার অপচেষ্টা? নাকি ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে বা কোনো বিশেষ মহলের এজেন্ডা বাস্তবায়নে এই বিপুল অর্থ বিনিয়োগ করা হচ্ছে?
দেশের সাধারণ হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা, শান্তি রক্ষা এবং ধর্মীয় পবিত্রতা বজায় রাখতে অবিলম্বে এই বিপুল অর্থের উৎস খুঁজে বের করার দাবি উঠেছে। একই সাথে, চিহ্নিত প্রতারক হরিদাসকে পুনরায় আইনের আওতায় এনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সরকারের ঊর্ধ্বতন মহলের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন মহল ও সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.