
গাইবান্ধার পলাশবাড়ীতে রাম মূর্তি নির্মাণের প্রতিবাদে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে স্থানীয় তৌহিদি জনতার মাঝে। আজ দুপুরে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ওভারব্রিজের নিচে বিভিন্ন ইসলামী সংগঠনের যৌথ উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও বিশৃঙ্খলা এড়াতে উপজেলা জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দুপুর থেকেই পলাশবাড়ী ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে মহাসড়কের ওভারব্রিজের নিচে জড়ো হতে থাকেন। এ সময় 'মূর্তি সংস্কৃতি'র বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।
মানববন্ধনে বক্তব্য রাখা ইসলামী আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই জনপদে কোনো অবস্থাতেই বিতর্কিত ও উসকানিমূলকভাবে এই রাম মূর্তি নির্মাণ করতে দেওয়া হবে না। এই রাম মুর্তি অনতি বিলম্বে অপসারন করা না হলে আগামীতে আরও কঠোর ও লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। তারা স্পষ্ট জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার যেকোনো পাঁয়তারা তৌহিদি জনতা প্রতিহত করবে।
বিক্ষোভ ও মানববন্ধনের খবর পেয়ে যেকোনো ধরনের সংঘাত ও বিশৃঙ্খলা রোধে পূর্ব প্রস্তুতি নিয়েই মাঠে নামে প্রশাসন। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টসহ সমাবেশস্থলের চারপাশে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্য।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই মানববন্ধনটি শেষ হয়েছে। তবে মূর্তি নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মাঝে এক ধরনের অদৃশ্য মনস্তাত্ত্বিক চাপ এবং পুরো পলাশবাড়ী উপজেলা সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি জোরদার রাখা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.