
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এমপি-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ার অভিযোগে এস এম মিজানুর রহমান (২৪) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ছাপড়হাটী ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। আজ শুক্রবার (১২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আটককৃত মিজানুর রহমান সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। স্থানীয়দের দাবি, ওই যুবক মানসিকভাবে কিছুটা অসুস্থ।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মিজানুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের একটি এডিটেড (শাড়ি পরা) ছবি পোস্ট করেন। সেখানে ক্যাপশন হিসেবে লেখা হয়, ‘আন্টি ক্ষমতায় আসতে না আসতে ব্যাংক খেয়ে ফেলতেছে’। এমন কুরুচিপূর্ণ ও আপত্তিকর পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের উদ্রেক ঘটে। পরে রাতেই বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাকে ধরে সুন্দরগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেন।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ছাপড়হাটী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান মুকুল বলেন, "আমাদের শীর্ষ নেতা ও সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এমন কুরুচিপূর্ণ এবং আপত্তিকর পোস্ট কোনোভাবেই বরদাশত করার মতো নয়। অপরাধীকে চিহ্নিত করেই আমরা পুলিশের হাতে সোপর্দ করেছি। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ওই যুবককে আটক করে থানায় সোপর্দ করেছে। বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.