
গাইবান্ধা জেলাকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে পুলিশের চিরুনি অভিযানে গ্রেফতার হয়েছে জেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন । আজ ১৭ জুন বুধবার ভোর রাতে সদর থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দিন-এর সার্বিক তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় জেলাজুড়ে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায়, আজ ১৭/০৬/২০২৬ তারিখ অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব মুত্তাজুল ইসলাম-এর নেতৃত্বে গাইবান্ধা সদর থানা পুলিশ এবং জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল সদর থানার রামচন্দ্রপুর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে।
ভোর আনুমানিক ৪:৫০ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রপুর ইউনিয়নের মেঘ ডুমুর মধ্যপাড়া গ্রামের একটি মাছের খামারের ঘরে তল্লাশি চালায় পুলিশ। এ সময় সেখান থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী রোকনকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৭০০ (সাত শত) পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের ফয়েল পেপার, লাইটার এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রোকনের বিরুদ্ধে এর আগেও গাইবান্ধা সদর থানায় ৪টি মাদক মামলা রয়েছে। সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছিল।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জনাব মুত্তাজুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই 'জিরো টলারেন্স' নীতি এবং চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.