
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের স্মৃতি ও আবেগ বিজড়িত ‘জুলাই যোদ্ধা’ নাম ভাঙিয়ে বাণিজ্য মেলা আয়োজনের এক চক্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। জাতীয়ভাবে অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি এবং শহীদ ও আহতদের অনুভূতিতে আঘাত হানার অপচেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।
এই বিতর্কিত বাণিজ্য মেলা অবিলম্বে বন্ধের দাবিতে গতকাল (১৭ জুন) গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) বরাবর একটি লিখিত আবেদন ও স্মারকলিপি জমা দিয়েছে ‘জুলাই যোদ্ধা গাইবান্ধা’ নামক সংগঠন। জেলা প্রশাসক কার্যালয় থেকে আবেদনটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, পলাশবাড়ী উপজেলায় একটি চক্র সম্পূর্ণ অনৈতিকভাবে ‘জুলাই যোদ্ধাদের’ নাম ব্যবহার করে বাণিজ্য মেলার আয়োজন করেছে। বিপ্লবের রক্তক্ষয়ী ইতিহাস এবং এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নাম এভাবে সস্তা বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করায় স্থানীয় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। মেলা আয়োজনের আড়ালে কোনো মহলের বিশেষ কোনো ফায়দা লোটার উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়ে খোদ জুলাই যোদ্ধাদের মধ্যেই প্রশ্ন উঠেছে।
স্মারকলিপিতে ‘জুলাই যোদ্ধা সংসদ’ গাইবান্ধার সভাপতি মোঃ আমিনুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ বিপুল মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন,"জুলাই মাসের মহান আত্মত্যাগ কোনো ব্যবসা বা মেলার পণ্য হতে পারে না। যারা এই পবিত্র নাম ব্যবহার করে বাণিজ্য মেলা করার ধৃষ্টতা দেখাচ্ছে, তারা মূলত ছাত্র-জনতার আন্দোলনকে কালিমালিপ্ত করতে চায়। আমরা ডিসি মহোদয়ের কাছে জোর দাবি জানিয়েছি—অনতিবিলম্বে বিষয়টি তদন্ত করে এই মেলার কার্যক্রম বন্ধ করা হোক এবং এর পেছনে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।"
আবেদনটিতে ‘জুলাই যোদ্ধা’ সংগঠনের সহ-সভাপতি মোঃ রিয়াদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাপ মিয়া এবং জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে স্বাক্ষর করেছেন।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযোগপত্রটি গুরুত্বের সাথে আমলে নেওয়া হয়েছে। জাতীয় আবেগ জড়িত এমন কোনো বিষয়ে আইনশৃঙ্খলার অবনতি কিংবা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ দেওয়া হবে না। বিষয়টি তদন্ত করে দ্রুতই পলাশবাড়ী উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, জুলাই বিপ্লবের চেতনা ধরে রাখতে হলে এ ধরনের বাণিজ্যিক অপব্যবহার কঠোর হাতে দমন করা জরুরি, অন্যথায় বিপ্লবের মূল উদ্দেশ্যই প্রশ্নবিদ্ধ হবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.