
আইন প্রয়োগকারী সংস্থার সদস্য হয়েও মাদক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে গাইবান্ধার ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীরের বিরুদ্ধে। গত ১৭ জুন (বুধবার) রাতে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হরিণমারী গ্রামের একটি ভাড়া বাসা থেকে ইয়াবাসহ এক নারী এবং সার্জেন্ট জাহাঙ্গীরকে আপত্তিকর অবস্থায় অবরুদ্ধ করে স্থানীয় জনতা। তবে ঘটনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় এক প্রভাবশালী মহলের মধ্যস্থতায় ‘বড় অঙ্কের উৎকোচ’ বিনিময়ে বিষয়টি রফাদফা করে তাদের ছাড়িয়ে নেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।
এ ঘটনার পর থেকে পুরো জেলা জুড়ে সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গাইবান্ধায় ট্রাফিক সার্জেন্ট হিসেবে যোগদানের পর থেকেই জাহাঙ্গীর স্থানীয় 'রঞ্জু' নামের এক কনটেন্ট ক্রিয়েটরের মাধ্যমে জেলার একাধিক নারী কনটেন্ট ক্রিয়েটরদের সাথে সখ্যতা গড়ে তোলেন। সেই সুবাদে পলাশবাড়ীর হরিণমারী গ্রামের ঐ ভাড়া বাসায় প্রায়শই নারী কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে মাদক সেবন ও অনৈতিক আড্ডার আসর বসাতেন তিনি।
ঘটনার দিন রাতে স্থানীয় 'নিঝুম' নামের এক নারী কনটেন্ট ক্রিয়েটরকে নিয়ে ওই বাসায় মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হন সার্জেন্ট জাহাঙ্গীর। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা বাড়িটি ঘেরাও করে তাদের হাতেনাতে অবরুদ্ধ করে রাখে। আটককৃত ওই নারীও একজন নিয়মিত ইয়াবা সেবী এবং স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর বলে জানা গেছে।
অভিযোগ উঠেছে, অবরুদ্ধ হওয়ার পর বিষয়টি ধামাচাপা দিতে পর্দার আড়ালে শুরু হয় জোর তৎপরতা। স্থানীয় প্রশাসন ও এক প্রভাবশালী মহলের সহযোগিতায় মোটা অঙ্কের টাকা উৎকোচ (ঘুষ) প্রদানের মাধ্যমে গভীর রাতে কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়েন সার্জেন্ট জাহাঙ্গীর ও ওই নারী। আইনের রক্ষক হয়ে খোদ ট্রাফিক সার্জেন্টের এমন অনৈতিক কর্মকাণ্ড এবং পরবর্তীতে প্রভাব খাটিয়ে পার পেয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সার্জেন্ট জাহাঙ্গিরের মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয় নি।
তবে নাম প্রকাশ না করার স্বার্থে সার্জেন্ট জাহাঙ্গিরের এক কলিগ জানান, পরিকল্পিত ভাবে সার্জেন্ট জাহাঙ্গির কে ফাসানো হযেছে এবং এই মেয়েটি একজন চিহ্নিত ইয়াবা খোর।
এলাকাবাসীর জোর দাবি, রক্ষক যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, তখন সাধারণ মানুষের যাওয়ার কোনো জায়গা থাকে না। এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীর এবং তার সহযোগীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।
সর্বশেষ সার্জেন্ট জাহাঙ্গীর কে প্রাথমিক শাস্তি হিসেবে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানাগেছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.