
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোদ্দকোমরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক অষ্টম শ্রেণির ছাত্রীর সাথে অনৈতিক আচরণ ও শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত ইংরেজি শিক্ষক মোঃ ইয়াসিন আলী খানকে (ইনডেক্স নম্বর: ৩২২৩০০) সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রবিবার সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে উত্তাল বিক্ষোভ প্রদর্শন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও বিক্ষুব্ধ এলাকাবাসী।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৪ জুন ২০২৬ তারিখে খোদ্দকোমরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ ইয়াসিন আলী খান ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর (বৃষ্টি সরকার) সাথে অত্যন্ত আপত্তিকর ও অনৈতিক আচরণ করেন। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার এবং অন্যান্য অভিভাবকদের মধ্যে তা জানাজানি হয়ে পড়ে। চরম স্পর্শকাতর এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।
এ ঘটনার প্রতিবাদে এবং লম্পট শিক্ষকের শাস্তির দাবিতে আজ রবিবার সকাল থেকেই বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাজপথে নেমে আসে। অভিভাবক ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা শিক্ষার্থীদের এই আন্দোলনে সংহতি জানিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশাল বিক্ষোভ কর্মসূচি গড়ে তোলে। পরিস্থিতি বেগতিক দেখে এবং শিক্ষার্থীদের ক্ষোভের মুখে তাৎক্ষণিকভাবে বিদ্যালয় পরিচালনা কমিটি এক জরুরি সভায় মিলিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত শিক্ষক মোঃ ইয়াসিন আলী খানকে সাময়িক বরখাস্তের ঘোষণা দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, এই শিক্ষকের চরিত্র অত্যন্ত কলঙ্কিত। এর আগেও তার বিরুদ্ধে ছাত্রীদের সাথে একাধিকবার এ ধরণের অশালীন ও অনৈতিক আচরণের গুরুতর অভিযোগ উঠেছিল। কিন্তু বারবার পার পেয়ে যাওয়ায় সে এবার আরও জঘন্য অপরাধ করার সাহস দেখিয়েছে।
এলাকাবাসীর দাবি, শুধুমাত্র সাময়িক বরখাস্তই শেষ কথা নয়, পবিত্র শিক্ষক পেশাকে কলঙ্কিত করা এই লম্পট শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে এবং উপযুক্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষক ছাত্রীদের ওপর এমন কুদৃষ্টি দেওয়ার সাহস না পায়।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.