
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন ‘জাফলং চাইনিজ এন্ড ফাস্টফুড রেস্টুরেন্ট’-এ এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ন্যাক্কারজনক ও অমানবিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে ফুঁসে উঠেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং উত্তেজিত এলাকাবাসী উক্ত রেস্টুরেন্টে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভেড়ামারা ব্রিজ সংলগ্ন এলাকায় যত্রতত্র গড়ে ওঠা এসব তথাকথিত বিনোদন কেন্দ্র ও রেস্টুরেন্টগুলোতে নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের গুঞ্জন ছিল। তবে এবার সমস্ত সীমা ছাড়িয়ে এক কোমলমতি শিশুকে ধর্ষণের মতো জঘন্য অপরাধের অভিযোগ আসায় এলাকার সর্বস্তরের মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।
বিক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে ওঠা এসব রেস্টুরেন্টে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একদিকে যেমন কোমলমতি শিশুদের দিয়ে ঝুঁকিপূর্ণ ‘শিশু শ্রম’ করানো হচ্ছে, অন্যদিকে পর্দার আড়ালে চলছে নানামুখী অপরাধমূলক ও অনৈতিক কর্মকাণ্ড। এরই ধারাবাহিকতায় আজকের এই নির্মম ধর্ষণের ঘটনাটি ঘটেছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এলাকাবাসীর দাবি, এসব নামসর্বস্ব রেস্টুরেন্ট মূলত অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আজকের এই ঘটনার পর স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। তারা অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত মূল হোতা এবং রেস্টুরেন্ট কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছেন। সেই সাথে আবাসিক ও জনবহুল এলাকায় যত্রতত্র গড়ে ওঠা এসব অবৈধ ও অনৈতিক রেস্টুরেন্টগুলো স্থায়ীভাবে বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করা হলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.