
দিনের আলো ফুরোলেই যেখানে বসতো জুয়ার আসর, আর অলিগলিতে চলতো মরণনেশা ইয়াবা-হেরোইনের গোপন লেনদেন—সেখানেই এবার জ্বলে উঠেছে প্রতিরোধের আগুন। গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কুমারপাড়া ও হাসেম বাজার এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে এক অভূতপূর্ব সামাজিক জাগরণ দেখা গেছে। এলাকার সচেতন যুবসমাজ, অভিভাবক এবং সর্বস্তরের নাগরিকরা এবার শুধু আড়ালে ক্ষোভ প্রকাশ করেই ক্ষান্ত হননি; বরং অপরাধীদের নাম প্রকাশ করে রাস্তায় নেমে এসেছেন তারা।

আজ বাদ জুম্মা কুমারপাড়া ও হাসেম বাজারের স্থানীয় জনসাধারণের উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশের ব্যতিক্রমী দিক ছিল কোনো রকম ভয়ভীতি তোয়াক্কা না করে স্থানীয় অভিভাবকরা সরাসরি মাদক কারবারিদের নাম জনসম্মুখে প্রকাশ করে দিয়েছেন।
সমাবেশে কুমারপাড়ার স্থানীয় সচেতন অভিভাবক আব্দুল লতিফ মিয়া তীব্র আক্ষেপ ও ক্ষোভ প্রকাশ করে এলাকার চিহ্নিত মাদক কারবারি—শরিফুল, আয়নাল হোসেন, আলা এবং বাচ্চুসহ একটি চক্রের নাম উল্লেখ করেন।

তিনি জানান, এই চক্রটি প্রতিদিন স্থানীয় যুবসমাজ ও বহিরাগত মাদকসেবীদের কাছে ইয়াবা, হেরোইন ও গাঁজা বিক্রি করে আসছে, যা পুরো এলাকার সামাজিক পরিবেশ ধ্বংস করছে। অপরাধীদের এভাবে সরাসরি নাম ধরে হুঁশিয়ারি দেওয়ার ঘটনা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মাদকের এই সামাজিক ব্যাধি রুখতে দল-মত নির্বিশেষে রাজনৈতিক, প্রশাসনিক ও ধর্মীয় নেতৃবৃন্দ একমঞ্চে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানি
,গাইবান্ধা সদর উপজেলা যুবদেলের আহ্বায়ক ইউনুছ আলী দুখু,গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর এনামুল হক, জামায়াতে ইসলামী বাংলাদেশ খোলাহাটী ইউনিয়ন শাখার সভাপতি রাজু আহম্মেদ কিনু, সাবেক সভাপতি আব্দুর রশিদ, এবং সাধারণ সম্পাদক ইফতেখাইরুল কল্লোল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা পৌর শাখার সাধারণ সম্পাদক ইমাম মেহেদী হাসান,হাসেম বাজার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,কুমারপাড়া মসজিদের ইমাম মনজিলুর রহমান, কুমারপাড়া যুবসমাজের অভিভাবক আব্দুল লতিফ মিয়া, ইউপি সদস্য প্রার্থী শাকিল আহমেদ এবং স্থানীয় ব্যক্তিত্ব আব্দুস সাত্তার।

সমাবেশে সাহসী এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানি। তিনি বলেন, "ইউনিয়নের বিভিন্ন স্থানে মাদকের বিরুদ্ধে সচেতন মহলের এই সাহসিকতা সত্যিই প্রশংসনীয়। ইউনিয়নের আরও কয়েকটি স্থানে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
চেয়ারম্যান আরও জানান, এই কর্মসূচিগুলো শেষ হওয়ার পরপরই ইউনিয়নের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সচেতন সমাজ ও অংশীজনদের নিয়ে ইউনিয়ন পরিষদে একটি জরুরি সাধারণ সভা (মিটিং) আহ্বান করা হবে। সবার মতামতের ভিত্তিতে গঠন করা হবে একটি শক্তিশালী 'অ্যান্টি-ড্রাগ অ্যান্ড অ্যান্টি-গ্যাম্বলিং কমিটি'।

তিনি হুংকার দিয়ে বলেন, প্রথম দফায় মাদক কারবারিদের সরাসরি নিষেধ করা হবে এবং পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে। কিন্তু তারা যদি এই নিষেধ অমান্য করে, তবে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। বরং পুরো সমাজ মিলে তাদের ধরে সরাসরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে।
সমাবেশে উপস্থিত গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর এনামুল হক স্থানীয়দের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করলে অতি দ্রুতই এই এলাকায় চিরুনি অভিযান চালানো হবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

কুমারপাড়া ও হাসেম বাজার এলাকায় আর কোনো জুয়া বা মাদকের স্পট চলতে দেওয়া হবে না। যুবসমাজকে বাঁচাতে এই লড়াই চলবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.