
কখনো মন্ত্রীর ভুয়া পরিচয়ে বদলি-বাণিজ্য, কখনো নাম ভাঁড়িয়ে ‘তাওহীদ ইসলাম’ সেজে নতুন সংসার, আবার কখনো কোটি কোটি টাকার হুন্ডি কারবার—চলচ্চিত্রের গল্পকেও হার মানানো এই বহুরূপী চরিত্রের নাম হরিদাস চন্দ্র তরণী দাস। অবশেষে প্রায় ৯ কোটি ৩৫ লাখ টাকা হুন্ডি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ জালে ধরা পড়েছেন গাইবান্ধার পলাশবাড়ীর এই আলোচিত প্রতারক।
রোববার (১২ জুলাই) রাতে পলাশবাড়ীর শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান।
সিআইডি সূত্রে জানা গেছে, রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা একটি মামলায় হরিদাসকে আসামি করা হয়েছে।
হরিদাসের ৫টি ব্যাংক অ্যাকাউন্ট ও ৪টি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব বিশ্লেষণ করে ৯ কোটি ৩৫ লাখ ৩২ হাজার ৪৫১ টাকা জমা ও উত্তোলনের অস্বাভাবিক তথ্য পাওয়া গেছে।
কেবল ২০২৫ সালেই ‘মো. সুজন’ নামের এক ব্যক্তির মাধ্যমে হরিদাসের অ্যাকাউন্টে জমা হয় ২ কোটি ২২ লাখ টাকা, যা হুন্ডির টাকা বলে নিশ্চিত হয়েছে সিআইডি।
সিআইডির দাবি, বৈধ ব্যবসার আড়ালে হরিদাস একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে দেশি-বিদেশি মুদ্রা পাচার করতেন। এই কালো টাকা দিয়ে তিনি নামে-বেনামে বিপুল সম্পদ গড়ে তুলেছেন। তবে তার পরিবার এসব অভিযোগ অস্বীকার করেছে।
হরিদাসের অপরাধের ইতিহাস বেশ দীর্ঘ। এলাকায় তিনি দীর্ঘদিন ধরে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিচিত। এর আগে ২০২২ সালের ৮ নভেম্বর সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও মন্ত্রীর ভুয়া পরিচয়ে বদলি-বাণিজ্য ও টেন্ডারবাজির অভিযোগে র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। পরে জামিনে বেরিয়েই রূপ বদল করেন হরিদাস। ধর্ম পরিবর্তন করে নিজের নাম রাখেন ‘তাওহীদ ইসলাম’। এরপর সুমি ইসলাম নামে এক নারীকে বিয়ে করে নতুন পরিচয়ে আবারও প্রতারণার জাল বিছাতে শুরু করেন।
সম্প্রতি পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার একটি রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছিল। স্থানীয় সচেতন মহল শুরু থেকেই হরিদাসের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলে আসছিলেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় স্থানীয়দের তীব্র আপত্তির মুখে গত জুন মাসে মন্দির কমিটি সেই নির্মাণকাজ স্থগিত করতে বাধ্য হয়।
হরিদাস গ্রেফতারের পর বর্তমানে মন্দির এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতারক হরিদাসের এই গ্রেফতারির পর তার সব অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। বর্তমানে তাকে ঢাকায় ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং সিআইডির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.