
জিও-বিএম প্রকল্পের আওতায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নে ১৩ জন এলসিএস (LCS) নারী শ্রমিক নিয়োগের জন্য লটারির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নিয়োগের মেয়াদ প্রথমে এক বছর, তবে প্রকল্পের শর্ত অনুযায়ী নবায়নের মাধ্যমে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে।
জানা গেছে, উদাখালী ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে মোট ১৩২ জন উপকারভোগীর আবেদন জমা পড়ে। আবেদনকারীদের মধ্য থেকে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে লটারির মাধ্যমে ১৩ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। এছাড়া ভবিষ্যৎ প্রয়োজনের কথা বিবেচনা করে অতিরিক্ত ৭ জনকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে। নির্বাচিত ১৩ জনের মধ্যে কেউ কাজ করতে অনাগ্রহী হলে বা দায়িত্ব পালন করতে না পারলে ওয়েটিং লিস্ট থেকে পর্যায়ক্রমে নতুন সদস্য নেওয়া হবে।
ফুলছড়ি উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. তহিদুল করিম সরকার লটারির মাধ্যমে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে সকল আবেদনকারীর মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে। অতীতে এ ধরনের কার্যক্রমে অর্থ লেনদেনের অভিযোগের বিষয়টি বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় উদাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কাবিল উদ্দিনের প্রতিনিধি, বিএনপি'র উদাখালি ইউনিয়ন সাধারণ সম্পাদক আনিসুর রহমান ,ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.