
গাইবান্ধা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সরকারপাড়া এলাকায় চলাচলের একমাত্র কাদাভরা কাঁচা রাস্তা নিজ উদ্যোগে মেরামতের সময় প্রবীণ সাংবাদিক হায়দার আলীকে লাঞ্চিত ও এক গৃহবধূর ওপর নির্মম হামলার ঘটনা ঘটেছে। কাজে বাধা দেওয়ার কারণ জানতে চাইলে ৯৫ বছর বয়সী এই বৃদ্ধ সাংবাদিককে গালিগালাজ করে পরনের লুঙ্গি খুলে লাঞ্ছিত করা হয় এবং পরবর্তীতে এক নারীকে পিটিয়ে অজ্ঞান করে ফেলার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

উক্ত ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ জেরিন আক্তার রুপি বাদী হয়ে মঙ্গলবার রাতে গাইবান্ধা সদর থানায় চারজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বর্ষাকালে বৃষ্টির কারণে সরকারপাড়া এলাকার সাধারণ মানুষের চলাচলের রাস্তাটিতে পানি জমে মারাত্মক কাদা ও চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এই দুর্ভোগ নিরসনে স্থানীয় কয়েকটি পরিবার নিজস্ব উদ্যোগে ভ্যানগাড়িতে করে রাবিশ এনে রাস্তাটি চলাচলের উপযোগী করার কাজ করছিল।

অভিযোগে আরো বলা হয়, মঙ্গলবার দুপুর আনুমানিক ৩ টার দিকে রাবিশ ফেলার সময় ১ নম্বর বিবাদী মোকছেদুল ইসলাম সহ অন্যান্যরা এসে কাজে বাধা দেয়। এ সময় বাদী জেরিন আক্তার রুপির ৯৫ বছর বয়সী দাদু প্রবীন সাংবাদিক হায়দার আলী বাধা দেওয়ার কারণ জানতে চাইলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজের প্রতিবাদ করলে ১ নম্বর বিবাদী তাকে ধাক্কাধাক্কি করে চরমভাবে লাঞ্ছিত করে, যার একপর্যায়ে ওই প্রবীণ ব্যক্তির পরনের লুঙ্গি খুলে যায়।
পরবর্তীতে ঐ দিনই বিকেল ৪ টার দিকে পুনরায় রাস্তায় রাবিশ ফেলার কাজ শুরু হলে বিবাদীরা আবারও বাধা প্রদান করে। বাদী জেরিন আক্তার এর কারণ জানতে চাইলে বিবাদী মোকছেদুল ইসলাম ও জাহিদুল ইসলাম আজাদ তার ওপর চড়াও হয় এবং গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে ২ নম্বর বিবাদী জাহিদুল ইসলামের হুকুমে ১ নম্বর বিবাদী মোকছেদুল ইসলাম বাদীকে কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে ছিলা-ফোলা বেদনাদায়ক আঘাত করে। মারপিটের একপর্যায়ে ভুক্তভোগী নারী মাটিতে লুটিয়ে পড়ে সাময়িকভাবে জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে স্থানীয় ও সাক্ষীদের সহায়তায় তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ভুক্তভোগী পরিবার আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, বিবাদীরা প্রকাশ্যে হুমকি দিয়ে গেছে—তারা বাদীর স্বামীর চাকরি খাবে, পরিবারের সদস্যদের রাস্তায় একা পেলে খুন-জখম করবে এবং ওই রাস্তা দিয়ে চলাচল করতে দেবে না।

বর্তমানে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগছে। এলাকার জনমনে এ নিয়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারটি অবিলম্বে বিবাদীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.