
রাজধানীর কূটনৈতিক এলাকা গুলশানে গোপন বৈঠক করে মিছিল ও অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্তের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গুলশানের ‘পুলিশ প্লাজা’র পঞ্চম তলার একটি রেস্তোরাঁ থেকে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে গুলশান থানা-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), নান্নু মিয়া (৩৮), আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) ও ইব্রাহিম হোসেন (৩৩)।
পুলিশ সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে রেস্তোরাঁর আড়ালে একটি গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন ওই নেতাকর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে পুলিশ প্লাজার পঞ্চম তলায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই ছয় নেতাকর্মীকে ঘিরে ফেলে পুলিশ আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, আটককৃতরা মূলত রাজপথে বড় ধরনের কোনো অস্থিতিশীলতা বা মিছিল বের করার ছক কষছিলেন। তাদের উদ্দেশ্য ছিল ঝটিকা মিছিলের মাধ্যমে আতঙ্কের আবহ তৈরি করা। পুলিশের আগাম পদক্ষেপের কারণে সেই পরিকল্পনা পুরোপুরি ভণ্ডুল হয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, "গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ওই ছয় নেতাকর্মীকে আটক করা হয়। তারা কোনো একটি পরিকল্পনা বাস্তবায়নে রেস্তোরাঁটিতে বৈঠকে বসেছিলেন এবং বৈঠক শেষে রাজধানীতে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।"
গ্রেপ্তারদের বিষয়ে গভীর তদন্ত শুরু করেছে পুলিশ। তারা কার নির্দেশে বা কোনো ধরনের অর্থায়নে এই চক্রান্ত করছিলেন, তা খতিয়ে দেখতে আইনি প্রক্রিয়া জোরদার করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.