
গাইবান্ধা সদর উপজেলার কাচারী বাজারে এক কাপড় ব্যবসায়ীকে মারধরের হুমকি, দোকানে দলবল নিয়ে মহড়া এবং দফায় দফায় ২ লাখ টাকা চাঁদা দাবির গুরুতর অভিযোগ উঠেছে। ডিবি পুলিশ কর্মকর্তার ‘স্ত্রী’ পরিচয়ে এক নারীর এমন দৌরাত্ম্য ও সন্ত্রাসী হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় ব্যবসায়ীরা।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ও কাচারী বাজারের ‘মরিয়ম বোরকা হাউজ’-এর স্বত্বাধিকারী মো: মাসুম বিল্লাহ বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট রাত আনুমানিক সাড়ে আটটার দিকে পূর্ব কোমরনই মিয়াপাড়ার মৃত আব্দুল মোতালেবের ছেলে মাসুম বিল্লাহর দোকানে এক নারী ক্রেতা আসেন। তিনি ৩০০ টাকা দিয়ে একটি হেজাব ও নেকাব কেনেন। এর কিছুক্ষণ পরেই ওই নারী দোকানে ফিরে এসে ‘অন্য দোকানে কম দাম’ দাবি করে উগ্র মেজাজে টাকা ফেরত চান। দোকানের কর্মচারী মো: শ্রাবণ পণ্যের মান ও নীতিমালার কথা তুলে ধরে টাকা ফেরত দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই নারী। নিজেকে এক প্রভাবশালী ডিবি অফিসারের স্ত্রী পরিচয় দিয়ে তিনি কর্মচারীকে মারধরের হুমকি ও চরম অপদস্ত করেন। একপর্যায়ে পরিস্থিতির অবনতি দেখে ব্যবসায়ী দ্রুত দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান।

ঘটনার এখানেই শেষ নয়,ওই রাতেই আনুমানিক ১১টার দিকে ১০-১১ জনের একদল অজ্ঞাত সন্ত্রাসী মাসুম বিল্লাহর দোকানের সামনে এসে দেশীয় অস্ত্র হাতে মহড়া দেয়, অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়ে যায়।
পরবর্তীতে ব্যবসায়ীকে মানসিকভাবে বিপর্যস্ত করতে কয়েকটি মোবাইল নম্বর (০১৯৬৮-৯৫২৫০৫, ০১৭৯১৬-৯৩৩৪৮১ ও ০১৬৭৮-৬৪৮২৯৮) থেকে দফায় দফায় কল করে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে দোকান বন্ধ রাখা এবং ব্যবসায়ীর প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগে স্পষ্ট উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী মহলে তীব্র ক্ষোভ ও চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আশপাশের প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা ঘটনার সত্যতা নিশ্চিত করে অবিলম্বে এসব চাঁদাবাজ ও ভুয়া প্রভাবশালীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী ব্যবসায়ী মাসুম বিল্লাহ তার জানমালের নিরাপত্তা চেয়ে এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা পুলিশ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.