
ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে ভোল পাল্টানোই যেন তাদের মূল পেশা। সরকার পরিবর্তনের হাওয়া বুঝে পল্টিবাজি করে দলের বড় পদ বাগিয়ে নেওয়ার এক চাঞ্চল্যকর চিত্র দেখা গেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়।
উপজেলার দহবন্দ ইউনিয়নে যুবলীগের সাবেক সভাপতি শামীম পারভেজ রাতারাতি বনে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক। স্থানীয়দের ভাষায়, এটি কোনো আদর্শিক রাজনীতি নয়, বরং ক্ষমতার অপব্যবহার ও টিকে থাকার এক চরম রাজনৈতিক ব্যবসা।

স্থানীয় সূত্রে জানা যায়, শামীম পারভেজের মতো সুবিধাবাদীরা সবসময়ই ক্ষমতাসীন দলের ছায়াতলে থেকে সুযোগ-সুবিধা নিতে অভ্যস্ত। আওয়ামী লীগ সরকারের সময়ে যুবলীগের পদ পদবি ব্যবহার করে দাপট দেখানো এই ব্যক্তি পটপরিবর্তনের সঙ্গে সঙ্গেই খোলস বদলে কৃষক দলের গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বিএনপি সমর্থক চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, "গাইবান্ধার রাজনীতিতে এখন আদর্শের চেয়ে সুবিধাবাদীদের কদর বেশি। জেলার ৮১টি ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটির দিকে তাকালে দেখা যাবে একই চিত্র।
অভিযোগ উঠেছে, জেলার অধিকাংশ ইউনিয়ন কমিটিতে পদ বাণিজ্যের মহোৎসব চলছে। ত্যাগী ও দীর্ঘদিনের নির্যাতিত কর্মীদের পাশ কাটিয়ে অর্থ বাণিজ্য ও স্বজনপ্রীতির মাধ্যমে পদ দেওয়া হচ্ছে অন্য দল থেকে আসা অনুপ্রবেশকারীদের। ফলে রাজপথের নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা চরম অবমূল্যায়নের শিকার হয়ে হতাশা ও ক্ষোভে নিমজ্জিত হচ্ছেন।

এ বিষয়ে অভিযুক্ত শামীমের সাথে কথা বললে তিনি জানান আমি বিগত ২০১০ সাল থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম বলে সে সময় অনেক গুলো মামলাতেও পড়েছিলাম। সেসব মামলা থেকে বাচতে পরবর্তিতে ২০২১ সালে আমি মৌখিক ভাবে দহবন্দ ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি এবং পরবর্তিতে ২০২৪ সালের ৫ আগষ্টের পর সেখান থেকেও পদত্যাগ করি লিখিত ভাবে।
তবে তৃণমূল নেতাকর্মীদের দাবি, অনতিবিলম্বে এসব ভুঁইফোড় ও পল্টিবাজ নেতাদের দল থেকে বহিষ্কার করতে হবে।
সেই সাথে গাইবান্ধার সাংগঠনিক অবস্থাকে কঠোর নজরদারির আওতায় এনে প্রকৃত ত্যাগী কর্মীদের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার জন্য তারা জেলা বিএনপির মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় রাজপথের লড়াই-সংগ্রামে রক্ত-ঘাম ঝরানো নেতাকর্মীরা রাজনীতি থেকে দূরে সরে যাবেন এবং দল বড় ধরনের সাংগঠনিক সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.